২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডাচদের বিপক্ষে 'জয়ের পর' উদযাপনে সংযত হতে বললেন তুরস্ক রাষ্ট্রদূত

শেষ ষোলোর ম্যাচ জিতে সমর্থকদের উন্মত্ত উদযাপনের অভিজ্ঞতা থেকে এবার আগেভাগে সবাইকে সতর্ক করলেন অস্ট্রিয়ায় নিযুক্ত তুরস্ক রাষ্ট্রদূত ওজান জেহান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2024, 05:31 PM

Updated : 26 Aug 2026, 09:56 AM

চমক জাগানো পারফরম্যান্সে অস্ট্রিয়ার বিপক্ষে শেষ ষোলোয় জয়ের পর তুর্কিদের আত্মবিশ্বাস বেড়েছে বহুগুনে। এতটাই যে, আসছে ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে জয়ের প্রশ্নে কোনোরকম দ্বিধা নেই দেশটির মানুষের মনে। তাইতো, অস্ট্রিয়ায় নিযুক্ত তুরস্ক রাষ্ট্রদূত ওজান জেহান ‘ডাচদের বিপক্ষে জয়ের পর’ ভক্ত-সমর্থকদের উদযাপনের মাত্রা সংযত রাখার আহ্বান জানিয়েছেন। 

লাইপজিগে শেষ ষোলোর ম্যাচে অস্ট্রিয়াকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার-ফাইনালের টিকেট পায় তুরস্ক। সেদিন অস্ট্রিয়ায় বসবাসরত তুরস্ক প্রবাসীদের বাধনহারা উচ্ছ্বাস দেখেন জেহান। তবে তার মতে, কিছু কিছু ক্ষেত্রে সেটি মাত্রা ছাড়িয়ে অস্ট্রিয়ার নাগরিকদের জন্যই সমস্যার কারণ হয়ে দাঁড়ায়।

সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে বার্লিনে শনিবার বাংলাদেশ সময় রাত ১টায় ডাচদের মুখোমুখি হবে তুরস্ক। জার্মানির রাজধানী শহরটিতে প্রায় আড়াই লাখ তুরস্ক প্রবাসীর বসবাস। নেদারল্যান্ডসের বিপক্ষে জিতলে সমর্থকদের উন্মাদনা কেমন হতে পারে, তা অনুমান করতে পারছেন জেহান। 

তাই ম্যাচের আগের দিন তুরস্কের সংবাদমাধ্যমে দেশটির ফুটবল সমর্থকদের উদযাপনের ক্ষেত্রে সংযত হতে বললেন অস্ট্রিয়ায় নিযুক্ত তুরস্ক রাষ্ট্রদূত।  

"আমরা যখন নেদারল্যান্ডসের বিপক্ষে জিতব, আমি বিশ্বাস করি জিতব, তখন সম্ভবত গাড়ির হর্ণ বাজিয়ে, অহেতুক হট্টগোল ও গোলমাল করে আমাদের অস্ট্রিয়ান প্রতিবেশি ও বন্ধুদের পেরেশান করা উচিত নয়।" 

"আমরা আরও শান্তভাবে উদযাপন করতে পারি। আমার কোনো সন্দেহ নেই যে, এখানের নাগরিকরা, তুরস্ক বংশোদ্ভূত অস্ট্রিয়ানরা এটি শুনবেন।"

তুরস্কের কাছে বিদায় নেওয়ার আগে গ্রুপ পর্বে নেদারল্যান্ডসকে ৩-২ হারিয়েছিল অস্ট্রিয়া। তাই জেহান মনে করেন, এবার তুরস্কও একই ব্যবধানে হারাবে ডাচদের। 

"আমাদের অস্ট্রিয়ান বন্ধুরা নেদারল্যান্ডসকে হারিয়েছে। তবে আমরা আবার অস্ট্রিয়ান বন্ধুদের সঙ্গে ম্যাচটি জিতেছি। আমরা এখন নেদারল্যান্ডসের বিপক্ষে খেলব। আমার প্রশ্ন, আমাদের এখন ৩-২ গোলে জেতা উচিত নয় কি?"