ধর্মঘটের ‘ইতি টানছেন’ রোনালদো
এই পর্তুগিজ মহাতারকা আগামী ১৪ ফেব্রুয়ারি সৌদি প্রো লিগের ম্যাচে আল নাস্রের হয়ে খেলতে নামবেন বলে খবর এসেছে গণমাধ্যমে।
ক্রিস্তিয়ানো রোনালদো এখনও সরাসরি কিছু বলেননি, তবে তার চলমান ধর্মঘটের অবসানের খবর এসেছে গণমাধ্যমে। এই পর্তুগিজ মহাতারকা নাকি আল নাস্রের হয়ে সৌদি প্রো লিগে আল-ফাতেহর বিপক্ষে ম্যাচে খেলার সিদ্ধান্ত নিয়েছেন।
ইএসপিএন ব্রাসিলের সুত্রের বরাতে ছাপানো এই খবর সত্যি হলে ক্লাবের সাথে রোনালদোর টানাপোড়েন শেষ হবে। দলবদলে আল নাস্রের নিস্ক্রিয়তার কারণে এরই মধ্যে ক্লাবের হয়ে দুটি ম্যাচ খেলেননি রোনালদো। অবশ্য তাকে ছাড়াই আল রিয়াদ ও আল ইত্তিহাদের বিপক্ষে যথাক্রমে ১-০ ও ২-০ গোলে জিতেছিল আল নাস্র।
সম্প্রতি অবশ্য রোনালদোকে ঘিরে চাউর হয়েছিল নানা গুঞ্জন। ম্যাচ বয়কটের কারণে ক্লাবে তার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ দায়ের করাসহ আর্থিক জরিমানা করার কথা ভাবছে-এমন খবরও এসেছে গণমাধ্যমে।
এরই মধ্যে চাউর হয়েছে, মেজর সকার লিগে লিওনেল মেসি-রোনালদোর জুটি গড়তে চান ডেভিড বেকহ্যাম। আল নাস্রের সঙ্গে রোনালদোর মধ্যে চলমান পরিস্থিতির দিকে নাকি ইন্টার মায়ামি নজর রাখছে বলেও খবর এসেছে গণমাধ্যমে।
ক্লাবের সাথে রোনালদোর ‘দ্বন্দ্বে’ ক্ষোভ ঝেড়েছেন টনি ক্রুস। সাবেক ক্লাব সতীর্থের পাশে দাঁড়িয়ে তিনি তোপ দাগিয়েছেন সৌদি প্রো লিগের দিকে। রোনালদো সৌদিতে যাওয়ার আগে দেশটির ফুটবলের খবর কে রাখত-এমন প্রশ্নও তুলেছেন ক্রুস।
এত গুঞ্জন ও বিতর্কের ডামাডোলের মধ্যে স্বস্তির খবরও এসেছে। ইএসপিএন ব্রাসিলকে একটি সুত্র জানিয়েছে, চলমান বয়কটের ইতি টানতে যাচ্ছেন রোনালদো। আগামী শনিবার সৌদি প্রো লিগের ম্যাচে আল নাস্রের হয়ে আল-ফাতেহর বিপক্ষে খেলতে নামবেন তিনি।
অবশ্য এর আগে আগামী আরেকটি ম্যাচ খেলবে আল নাস্র। এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ টু-এর ম্যাচে তারা বুধবার মুখোমুখি হবে তুর্কমেনিস্তানের দল আরকাদাগের। ইএসপিএন ব্রাসিলের প্রতিবেদন সত্যি হলে, এই ম্যাচটিও রোনালদোকে ছাড়াই খেলতে হবে আল নাস্রকে।
