নিষেধাজ্ঞা কাটিয়ে আর্জেন্টিনা দলে গোলরক্ষক মার্তিনেস
বিশ্বকাপ বাছাইয়ে আসছে দুই ম্যাচের জন্য বিশ্ব চ্যাম্পিয়নদের দলে ডাক পেয়েছেন নতুন একজন।
বাজে আচরণের দায়ে পাওয়া নিষেধাজ্ঞা কাটিয়ে জাতীয় দলে ফিরলেন এমিলিয়ানো মার্তিনেস। বিশ্বকাপ বাছাইয়ে পরের দুই ম্যাচের জন্য তাকে নিয়েই দল ঘোষণা করলেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।
২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে আগামী ১৪ নভেম্বর লিওনেল মেসির নেতৃত্বে প্যারাগুয়ের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এর পাঁচ দিন পর তারা ঘরের মাঠে খেলবে পেরুর বিপক্ষে।
এই দুই ম্যাচের জন্য মঙ্গলবার ২৮ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন স্কালোনি। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন ভালেন্সিয়ার মিডফিল্ডার এন্সো বারেনেচেয়া।
অসাধারণ সব পারফরম্যান্সে ক্যারিয়ারের শুরু থেকেই আলোচনায় আছে গোলরক্ষক মার্তিনেস। আর্জেন্টিনার ২০২২ বিশ্বকাপের পর এই বছর কোপা আমেরিকা জয়েও তার অবদান অনস্বীকার্য। ক্লাব অ্যাস্টন ভিলায়ও নিয়মিত আলো ছড়িয়ে যাচ্ছেন তিনি। এই বছরও ব্যালন দ’র অনুষ্ঠানে বর্ষসেরা গোলরক্ষকের পুরস্কার জিতেছেন তিনি।
তবে, নেতিবাচক নানা কাণ্ডেও বারবার খবরের শিরোনাম হন ৩২ বছর বয়সী এই গোলরক্ষক। বিশ্বকাপ বাছাইয়েই গত সেপ্টেম্বরে চিলির বিপক্ষে জয়ের পর কোপা আমেরিকার রেপ্লিকা ট্রফি নিয়ে অশালীন ভঙ্গিতে উদযাপন করেন তিনি। এর পাঁচ দিন পর কলম্বিয়ার বিপক্ষে পরাজয়ের পর একজন ক্যামেরা অপারেটরের সরঞ্জামে ধাক্কা মারেন এই গোলকিপার।
ওই দুই ঘটনায় আন্তর্জাতিক ফুটবলে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হন মার্তিনেস।
এছাড়া দলে আরও ফিরেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের তরুণ ফরোয়ার্ড আলেহান্দ্রো গার্নাচো, কোমোর মিডফিল্ডার নিকোলাস পাস ও লেস্টার সিটির মিডফিল্ডার ফাকুন্দো বুনানোত্তি।
আর্জেন্টিনা দল:
গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেস (অ্যাস্টন ভিলা) ওয়াল্তার বেনিতেস (পিএসভি আইন্দহোভেন), জেরোনিমো রুলি (অলিম্পিক মার্সেই)
ডিফেন্ডার: নাহুয়েল মোলিনা (আতলেতিকো মাদ্রিদ), গনসালো মনতিয়েল (সেভিয়া), ক্রিস্তিয়ান রোমেরো (টটেনহ্যাম হটস্পার), হেরমান পেস্সেইয়া (রিভার প্লেট), লিওনার্দো বেলার্দি (অলিম্পিক মার্সেই), নিকোলাস ওতামেন্দি (বেনফিকা), নেহুয়েন পেরেস (পোর্তো), লিসান্দ্রো মার্তিনেস (ম্যানচেস্টার ইউনাইটেড), নিকোলাস তাগলিয়াফিকো (লিঁও)।
মিডফিল্ডার: এন্সো ফের্নান্দেস (চেলসি), লেয়ান্দ্রো পারেদেস (রোমা), এসেকিয়েল পালাসিওস (বায়ার লেভারকুজেন), রদ্রিগো দে পল (আতলেতিকো মাদ্রিদ), আলেক্সিস মাক আলিস্তের (লিভারপুল), জিওভানি লো সেলসো (রেয়াল বেতিস), এন্সো বারেনেচেয়া (ভালেন্সিয়া), তিয়াগো আলমাদা (বোটাফোগো), ফাকুন্দো বুনানোত্তি (লেস্টার সিটি), নিকোলাস পাস (কোমো)
ফরোয়ার্ড: লিওনেল মেসি (ইন্টার মিলান), আলেহান্দ্রো গার্নাচো (ম্যানচেস্টার ইউনাইটেড), নিকোলাস গনসালেস (ইউভেন্তুস), হুলিয়ান আলভারেস (আতলেতিকো মাদ্রিদ), লাউতারো মার্তিনেস (ইন্টার মিলান), ভালেন্তিন কাস্তেয়ানোস (লাৎসিও)
