১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ইতালির হয়ে খেলতে রাজি নন লিভারপুলের চিয়েসা

বিশ্বকাপ বাছাইপর্বে দেশের খুব গুরুত্বপূর্ণ ম্যাচ দুটিতে চিয়েসার না খেলার সিদ্ধান্তের পেছনের কোনো কারণ অবশ্য জানা যায়নি।

ইতালির হয়ে খেলতে রাজি নন লিভারপুলের চিয়েসা
লিভারপুলের অনুশীলনে ফেদেরিকো চিয়েসা। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2025, 03:56 PM

Updated : 26 Aug 2026, 05:06 PM

বিশ্বকাপ বাছাইপর্বে ইতালির শেষ দুই ম্যাচের দল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ফেদেরিকো চিয়েসা। 

জাতীয় দলের আসছে দুই ম্যাচে লিভারপুল ফরোয়ার্ড খেলতে রাজি নন বলে সোমবার জানিয়েছেন ইতালির কোচ জেন্নারো গাত্তুসো।

বিশ্বকাপের গত দুই আসরে খেলতে না পারা সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা বৃহস্পতিবার মলদোভার মুখোমুখি হবে। এরপর রোববার তারা মিলানে গ্রুপের শীর্ষে থাকা নরওয়ের বিপক্ষে খেলবে। 

সংবাদ সম্মেলনে গাত্তুসো জানিয়েছেন, খেলোয়াড়ের ইচ্ছাকে সম্মান জানাতেই হতো।

“আমি তার সঙ্গে প্রায়ই কথা বলি। আমাদের প্রত্যেকের সিদ্ধান্ত ও সমস্যাকে সম্মান জানাতে হবে…খেলোয়াড়রা যা আমাকে বলে, সেটাকে সম্মান জানাতে হয়। আমি এর বেশি কিছু বলতে পারছি না।”

চিয়েসার না খেলার সিদ্ধান্তের কোনো কারণ অবশ্য জানাননি গাত্তুসো। ২৮ বছর বয়সী এই ফরোয়ার্ড সবশেষ ইতালির হয়ে খেলেছিলেন ২০২৪ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে। 

চলতি মৌসুমে লিভারপুলের হয়ে ১২ ম্যাচ খেলেছেন চিয়েসা; ম্যাচগুলোয় খুব বেশি সময় খেলার সুযোগ না পেলেও দুটি গোল ও তিনটি অ্যাসিস্ট করেছেন তিনি।

ইতালির ২০২৬ বিশ্বকাপে খেলার সম্ভাবনাও অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে।

বাছাইপর্বে ৬ ম্যাচের সবগুলো জিতে ১৮ পয়েন্ট নিয়ে ‘আই’ গ্রুপের শীর্ষে আছে নরওয়ে। ১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ইতালি।

গ্রুপের সেরা দল সরাসরি বিশ্বকাপের টিকেট পাবে। আর রানার্সআপ দল খেলবে প্লে-অফে।