২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেলিংহ্যামের সেরা ফর্মে ফেরার অপেক্ষায় আলোন্সো

‘বেলিংহ্যামের সেরাটা আমাদের প্রয়োজন, বললেন রেয়াল মাদ্রিদ কোচ।

বেলিংহ্যামের সেরা ফর্মে ফেরার অপেক্ষায় আলোন্সো
জুড বেলিংহ্যাম। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2025, 07:30 PM

Updated : 26 Aug 2026, 02:30 PM

কাঁধের অস্ত্রোপচারের পর মাঠে ফেরার মাসখানেক হয়ে গেলেও জুড বেলিংহ্যামকে এখনও স্বরূপে দেখা যায়নি। এই ইংলিশ মিডফিল্ডারের সেরাটা দলের খুব প্রয়োজন বলে মনে করছেন রেয়াল মাদ্রিদ কোচ শাবি আলোন্সো। 

দীর্ঘদিনের কাঁধের সমস্যা থেকে মুক্তি পেতে নতুন মৌসুম শুরুর আগে অস্ত্রোপচার করান বেলিংহ্যাম। মৌসুমের শুরুতে তাই অনেক দিন মাঠের বাইরে ছিলেন তিনি। 

গত মাসে তিনি রেয়ালের হয়ে মাঠে ফেরেন। মৌসুমে ক্লাবের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত খেলেছেন পাঁচটি ম্যাচ, যার চারটিতে বদলি হিসেবে। কোনো গোল কিংবা অ্যাসিস্ট এখনও তিনি করতে পারেননি।

এই মাসের আন্তর্জাতিক ফুটবলের বিরতিতে ইংল্যান্ড দলে ছিলেন না বেলিংহ্যাম। ফলে ক্লাবে আরও ভালোভাবে প্রস্ততি নেওয়ার সুযোগ পেয়েছেন তিনি। শনিবার সংবাদ সম্মেলনে তার উন্নতির কথা তুলে ধরেন আলোন্সো।

“কাঁধের অস্ত্রোপচারের পর থেকে জুড (বেলিংহ্যাম) আরও বেশি সময় ধরে অনুশীলন করছে ও প্রস্তুতি নিচ্ছে। সে এখন আরও ভালো করছে। জুডের সেরাটা আমাদের প্রয়োজন। সে ভালো খেলতে এবং তার সতীর্থদের ভালো খেলতে সাহায্য করতে উন্মুখ। তাকে আমাদের প্রয়োজন, তার চোটের পর অনেক দিন হয়ে গেছে; সে এখন আরও ভালোভাবে প্রস্তুত।”

লা লিগায় রোববার গেতাফের মাঠে খেলবে রেয়াল মাদ্রিদ। আট ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে আছে আলোন্সোর দল। সমান ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে দুই নম্বরে থাকা বার্সেলোনা শনিবার জিরোনার মুখোমুখি হবে।