২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওসাসুনার বিপক্ষে মাঠে ফিরছেন বেনজেমা

সামনের ব্যস্ত সূচির আগে দলের সেরা তারকাকে ফিরে পাওয়া রিয়াল মাদ্রিদের জন্য দারুণ খবর।

ওসাসুনার বিপক্ষে মাঠে ফিরছেন বেনজেমা

সতীর্থদের সঙ্গে অনুশীলনে করিম বেনজেমা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2022, 06:13 PM

Updated : 01 Oct 2022, 06:13 PM

চোট কাটিয়ে করিম বেনজেমা অনুশীলনে ফিরেছেন আগেই। পুরোপুরি ফিটনেস ফিরে পাওয়ায় এবার ম্যাচ খেলবেন তিনি। প্রায় এক মাসের বিরতি শেষে ওসাসুনার বিপক্ষে লা লিগার ম্যাচ দিয়ে মাঠে নামবেন রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার। 

আন্তর্জাতিক বিরতি শেষে রোববার ফের লড়াইয়ে ফিরছে রিয়াল। সান্তিয়াগো বের্নাবেউয়ে বাংলাদেশ সময় রাত একটায় শুরু হবে ওসাসুনার বিপক্ষে ম্যাচটি। 

আগের দিন সংবাদ সম্মেলনে এই ম্যাচে বেনজেমার খেলার বিষয়টি নিশ্চিত করেন কোচ কার্লো আনচেলত্তি। 

“বেনজেমা খুব ভালো করছে। তার শারীরিক অবস্থা খুব ভালো আছে। সে খেলবে।” 

গত মাসের প্রথম সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগে সেল্টিকের বিপক্ষে দলের ৩-০ গোলে জয়ের ম্যাচে প্রথমার্ধে অস্বস্তি নিয়ে মাঠ ছেড়ে যান বেনজেমা। পরে ক্লাবের পক্ষ থেকে তার ডান ঊরুর মাংসপেশিতে চোট ধরা পড়ার কথা জানানো হয়। 

ওই চোটের কারণে গত সপ্তাহে শেষ হওয়া আন্তর্জাতিক বিরতিতে ফ্রান্সের নেশন্স লিগের দুটি ম্যাচে খেলতে পারেননি বেনজেমা। আর রিয়ালের চ্যাম্পিয়ন্স লিগের একটি ও লা লিগায় দুইটি ম্যাচ খেলতে পারেননি তিনি। 

সামনের ব্যস্ত সূচির আগে দলের সেরা তারকাকে ফিরে পাওয়া রিয়ালের জন্য দারুণ কিছু। 

বেনজেমাকে ছাড়াই অবশ্য জয়ের ধারা ধরে রেখেছে মাদ্রিদের দলটি। লা লিগায় ৬ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা। ২ পয়েন্ট কম নিয়ে দুইয়ে বার্সেলোনা।