ভিনিসিউসের ‘কান্না’ ম্যান সিটি সমর্থকদের জন্য জবাব
গত মৌসুমে ভিনিসিউসকে বিদ্রুপ করে বিশাল ব্যানার ছিল ম্যানচেস্টার সিটির গ্যালারিতে, এবার সেই মাঠে দুই গোল করে দলকে জিতিয়ে কান্নার মতো উদযাপনে জবাব দিলেন রেয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা।
গোল করে ঠোঁটের সামনে আঙুল চেপে দর্শকদের চুপ করানোর ইশারা দিয়ে ভিনিসিউস ছুটে গেলেন কর্নার স্ট্যান্ডের দিকে। আগের মতো নাচ দেখা গেল না এবার। বরং স্ট্যান্ডের সঙ্গে হেলান দেওয়ার মতো করে দাঁড়িয়ে রইলেন। যেন মেলে ধরতে চাইলেন নিজের শ্রেষ্ঠত্ব। এরপর মাঠের মাঝে ফিরে যাওয়ার আগে গ্যালারির দিকে মুখ করেই বাচ্চাদের কান্নার মতো ভঙ্গি করলেন।
মাঠের ফুটবলে বিধ্বস্ত সিটির সমর্থকদের জন্য কাটা ঘায়ে নুনের ছিটা লাগল যেন ভিনিসিউসের ওই উদযাপনে। পরে আরেকটি গোল করেছেন ম্যাচের শেষ সময়ে। তার জোড়া গোলেই চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে ম্যানচেস্টার সিটির মাঠে ২-১ গোলে জিতেছে রেয়াল মাদ্রিদ। দুই লেগ মিলিয়ে ৫-১ গোলের অগ্রগামিতায় কোয়ার্টার-ফাইনালে পৌঁছে গেছে ইউরোপের সফলতম দলটি।
ম্যাচের সবচেয়ে আলোচিত অংশ ছিল ভিনিসিউসের ওই উদযাপন। ফুটবলের একনিষ্ঠ অনুসারীদের জন্য অবশ্য উদযাপনের পেছনের কারণ বুঝে ওঠা কঠিন নয় মোটেও।
গত মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোয় ওঠার প্লে-অফে মুখোমুখি হয়েছিল ম্যানচেস্টার সিটি ও রেয়াল মাদ্রিদ। প্রথম লেগে সিটির মাঠে বিশাল একটি ব্যানার গ্যালারিতে মেলে ধরেছিলেন সিটির সমর্থকেরা। ব্যালন দ’র ট্রফিতে চুমু এঁকে দেওয়া রদ্রির বিশাল একটি ছবি ছিল সেই ব্যানারে, পাশে লেখা ছিল Stop Crying Your Heart Out। ইঙ্গিতটি ছিল ব্যালন দ’র লড়াইয়ে রদ্রির কাছে হেরে যাওয়া ভিনিসিউসের কাছে।
সেই অপমান ভিনিসিউস ভোলেননি। সেই ম্যাচে রেয়াল জিতেছিল ৩-২ গোলে। পরের লেগে নিজেদের মাঠে জিতেছিল তারা ৩-১ গোলে। তবে কোনোটিতেই গোল পাননি ভিনিসিউস। শোধ তোলার সুযোগটা পেলেন তিনি এবার।
ম্যাচের পর ব্রাজিলিয়ান উইঙ্গার অকপটেই জানিয়ে দিলেন, গতবারের সেই ব্যানারের জবাব এবারের উদযাপন।
“সবশেষ যখন ম্যানচেস্টার সিটিতে এসেছিলাম, ওদের সমর্থকেরা আমাকে নিয়ে কৌতূক করছিল, বলছিল যে কান্না করছি। আজকে আমি ম্যান সিটির সমর্থকদের অসম্মান করিনি। তবে এটা ছিল তাদের কাছে নিজেকে এক ধরনের প্রমাণ করতে পারার ব্যাপার।”
“ফুটবল এরকমই, এটির সবচেয়ে ভালো ব্যাপার হলো, সবসময়ই আরেকটি সুযোগ মেলে এখানে। আমরা এবার এখানে জিতেছি এবং কোয়ার্টার-ফাইনালে জায়গা করে নিয়েছি।”
ভিনিসিউসের তৃপ্তির জায়গা আছে এই ম্যাচে আরও। আগের লেগে পেনাল্টিতে গোল করতে ব্যর্থ হয়েছিলেন তিনি। এবার পেনাল্টিতে গোল করেই এগিয়ে দেন দলকে। গত ম্যাচে যে প্রান্তে ডাইভ দিয়ে তার শট ঠেকিয়েছিলেন ম্যানচেস্টার সিটির গোলরক্ষক জানলুইজি দোন্নারুম্মা, এবার সেই প্রান্ত দিয়েই বল জালে পাঠিয়েছেন রেয়ালের তারকা।
ম্যাচের পর তিনি কৃতজ্ঞতা জানালেন গত ম্যাচে হ্যাটট্রিক করা অধিনায়ক ফেদে ভালভের্দেকে।
“গত সপ্তাহে চেয়েছিলাম ফেদে পেনাল্টি নিক। কিন্তু সে নেয়নি, আমি পারিনি পেনাল্টি কাজে লাগাতে। আজকেও আমি ওকে বলেছি পেনাল্টি নিতে। কিন্তু ও আবার বলেছে আমাকেই নিতে এবং অধিনায়ক হিসেবে প্রেরণা জুগিয়েছে আমাকে।”
“গত সপ্তাহে গোল করতে না পেরে খুবই হতাশ হয়েছিলাম। ফেদে তিন গোল করেছিল, আমি খুব করে চাইছিলাম পেনাল্টি কাজে লাগাতে। কিন্তু পারিনি। আজকে ফেদে আমাক আত্মবিশ্বাস জুগিয়েছে এবং গোল করতে পেরে আমি খুবই খুশি।”
ভিনিসিউস উচ্ছ্বসিত দলের পারফরম্যান্স নিয়েও। চোট-জর্জর দল আর ভারপ্রাপ্ত কোচ নিয়ে ধুঁকতে থাকা দলকে নিয়ে ম্যানচেস্টার সিটির সামনে খুব বেশি আশা ছিল না অনেকেরই। কিন্তু এই দুই লেগে দুর্দান্ত পারফর্ম করেছে তারা।
ভিনিসিউস বললেন, দল ধীরে ধীরে নিজেদের সেরা চেহারায় ফিরতে শুরু করেছে।
“আমাদের আত্মবিশ্বাসের জন্য এই ফলাফল খুব গুরুত্বপূর্ণ। মৌসুমের শুরু থেকে আমরা বেশ কিছু ম্যাচে ভালো খেলেছি, তবে ধারাবাহিকতা বেশি ছিল না এবং ম্যান সিটির বিপক্ষে ম্যাচ দুটির মতো এতটা নিয়ন্ত্রণ করতে পারিনি।”
“আমরা এখানে পরিষ্কার ছিলাম যে, কী করতে হবে আমাদেরকে। জানতাম, কঠোর পরিশ্রম করতে হবে ও সুযোগ কাজে লাগাতে হবে। যদিও আমি অনেক সুযোগ হাতছাড়া করেছি। তবে দল হিসেবে এখন আমরা গড়ে উঠছি এবং ভালো থেকে আরও ভালো করছি। আরবেলোয়ার কোচিংয়ে নিজেদেরকে ভালোভাবে চিনতে শুরু করেছি এবং আগের চেয়ে ভালো খেলছি।”
“
