২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপে খেলতে মরিয়া মেসি, তবে…

এ বিষয়ে তার চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আগামী বছরের ইন্টার মায়ামির প্রাক মৌসুম ভীষণ গুরুত্বপূর্ণ হবে।

বিশ্বকাপে খেলতে মরিয়া মেসি, তবে…
শতভাগ সুস্থ থেকে বৈশ্বিক লড়াইয়ে নামতে চান লিওনেল মেসি। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2025, 04:44 PM

Updated : 26 Aug 2026, 02:33 PM

দলের বোঝা হতে চান না, কেবল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার মতো অবস্থানে থাকলেই বিশ্বকাপ ধরে রাখার অভিযানে সতীর্থদের সঙ্গী হতে চান লিওনেল মেসি। আগেও অনেকবার বলা কথার ফের পুনরাবৃত্তি করলেন ফুটবলের মহানায়ক। বললেন, ২০২৬ বিশ্বকাপে খেলা নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি তিনি। নিজের প্রতিদিনকার অবস্থা দেখে ঠিক করবেন সামনের পথ। 

পরিষ্কারভাবে মেসি জানিয়ে দিলেন, সিদ্ধান্তটি নিতে ভীষণ গুরুত্বপূর্ণ হতে পারে ইন্টার মায়ামির আগামী বছরের প্রাক মৌসুম।   

এনবিসি নিউজকে দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন আর্জেন্টিনা ও মায়ামি অধিনায়ক মেসি, যা প্রচারিত হয়েছে সোমবার। এতে নিজের ক্যারিয়ার, আসন্ন বিশ্বকাপসহ নানা বিষয় নিয়ে কথা বলেছেন আটবারের ব্যালন দ’র জয়ী। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠেয় ৪৮ দলের বিশ্বকাপে তিনি খেলবেন কিনা, এই নিয়ে কৌতুহল নিয়ে অপেক্ষায় ফুটবল ভক্তরা। খেলার ইচ্ছার কথা জানিয়েও আবার কিছু শর্তের কথা বললেন মেসি। 

“সত্যিটা হল, বিশ্বকাপে থাকতে পারা সবসময়ই অসাধারণ এক অভিজ্ঞতা। আমি সেখানে থাকতে চাই। ভালো বোধ করলে, আমার জাতীয় দলকে সহায়তা করার জন্য গুরুত্বপূর্ণ অংশ হতে চাই।” 

“আগামী বছর ইন্টারের (মায়ামি) হয়ে প্রাক মৌসুম শুরু হলে প্রতিদিন আমি নিজের অবস্থা মূল্যায়ন করব এবং দেখব শতভাগ ঠিক আছি কিনা। আমি সত্যিই উন্মুখ, কারণ এটা বিশ্বকাপ। আমরা সবশেষ বিশ্বকাপ জিতেছি এবং মাঠে নেমে সেই শিরোপা ধরে রাখার জন্য লড়াই করতে পারা হবে দুর্দান্ত, কারণ জাতীয় দলে খেলা সবসময়ই একটি স্বপ্ন, বিশেষ করে নানা প্রতিযোগিতায়। তাই আশা করি, ঈশ্বর আমাকে আরও একবার সেই সুযোগ দেবেন।”

গত মাসে আন্তর্জাতিক বিরতির সময় মেসি বলেছিলেন, বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য অপেক্ষা করবেন তিনি। ভেনেজুয়েলার বিপক্ষে জয়ের পর বলেছিলেন, চূড়ান্ত সিদ্ধান্ত মূলত নির্ভর করবে তার ফিটনেস ও মানসিক অবস্থার ওপর।

“আমি ভালো থাকার চেষ্টা করছি। সবচেয়ে বড় কথা, নিজের প্রতি সৎ থাকতে চাই। যখন (শারীরিকভাবে) ভালো বোধ করি, তখন খেলাটা উপভোগ করি। কিন্তু যখন ভালো থাকি না, সত্যি বলতে তখন আনন্দ পাই না। তাই ভালো বোধ না করলে, সেখানে যেতে চাই না।” 

“দেখা যাক, বিশ্বকাপ নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেইনি। এই মৌসুম শেষ করব, তারপর প্রাক মৌসুম থাকবে, (বিশ্বকাপের আগে) ছয় মাস বাকি থাকবে, তখন দেখব কেমন লাগছে। আশা করি, ২০২৬ সালের প্রাক মৌসুম আমার ভালো যাবে এবং এই এমএলএস মৌসুমটাও ভালোভাবে শেষ করব, তারপরই সিদ্ধান্ত নেব।”

আগামী রোববার ন্যাশভিলের বিপক্ষে প্লে-অফ সিরিজের দ্বিতীয় ম্যাচে খেলবে মায়ামি। মেসির জোড়া গোলে প্রথম ম্যাচে ৩-১ ব্যবধানে জিতে পরের ধাপে যাওয়ার সম্ভাবনায় এগিয়ে আছে তারা। ঘরের মাঠে জিতলে এক ম্যাচ বাকি থাকতেই পরের ধাপে জায়গা করে নেবে তারা।