ব্রাজিলের ফুটবল-প্রধানকে সরিয়ে দেওয়ার আদেশ আদালতের
কার্লো আনচেলত্তিকে কোচ নিয়োগ দেওয়ার তিন দিন পরই ভিন্ন এক কারণে দায়িত্ব হারালেন ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের সভাপতি।
ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) সভাপতি এদনাল্দো রদ্রিগেজ ও গোটা বোর্ডকে সরিয়ে দেওয়ার আদেশ দিয়েছেন রিও দে জেনেইরোর একটি আদালত।
রদ্রিগেজকে সরিয়ে দেওয়ার আবেদন করেছিলেন সিবিএফের সহ-সভাপতিদের একজন ফের্নান্দো সাহ্নি। বৃহস্পতিবারের আদেশে তাকেই সংস্থাটির অন্তবর্তীকালিন সভাপতি ঘোষণা করেছেন আদালত। পাশাপাশি যত দ্রুত সম্ভব নির্বাচন করতেও নির্দেশনা দেওয়া হয়েছে।
সিবিএফের পক্ষ থেকে বার্তা সংস্থা রয়টার্সকে বলা হয়েছে, এখনই তারা কোনো মন্তব্য করবে না।
সিবিএফের সাবেক সভাপতি আন্তনিও কার্লোন নুনেস দে লিমার সই জাল করার অভিযোগ খতিয়ে দেখছিল আদালত। সেটির প্রেক্ষিতেই রদ্রিগেজকে অপসারণের এই নির্দেশনা দেওয়া হলো।
এই বছরের শুরুতে নুনেস দা লিমার সঙ্গে সেই চুক্তিই রদ্রিগেজকে ২০৩০ সাল পর্যন্ত সিবিএফের প্রধানের দায়িত্বে থাকার সুযোগ করে দেয়।
রিও দে জেনেইরোর আদালতের বিচারক গাব্রিয়েল দে অলিভেইরা জেফিরো বলেন, কার্লোস নুনেসের পক্ষে যে যুক্তি উপস্থাপন করা হয়েছে, সেখানে উল্লেখ করা হয়েছে যে, স্বাস্থ্যগত সমস্যায় তিনি শুনানিতে অংশ নিতে পারেননি। ২০১৮ সালে মস্তিষ্কের ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর থেকে নুনেসের মানসিক সক্ষমতা নিয়ে প্রশ্ন থাকার ব্যাপারটিও তুলে ধরা হয়।
“আমি ঘোষণা করছি যে, সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে যে চুক্তি উচ্চ আদালত আগে অনুমোদন দিয়েছিল, আন্তনিও কার্লোস নুনেস দা লিমার মানসিক অক্ষমতা ও তার স্বাক্ষর জাল করার সম্ভাব্য কারণে তা বাতিল ও অকার্যকর বলে গণ্য হবে।”
“ফলাফল হিসেবে যৌক্তিক পরণতি হচ্ছে সিবিএফের বর্তমান প্রশাসনকে অবৈধ হিসেবে স্বীকৃত করা। তবে সংস্থাটি নেতৃত্বহীন থাকতে পারে না এবং এটা অপরিহার্য যে, আইন অনুযায়ী বৈধ একটি নির্বাচন হতে হবে।”
সিবিএফের নির্বাচনী প্রক্রিয়া নিয়ে বিরোধের জের ধরে ২০২৩ সালের ডিসেম্বরেও রদ্রিগেজকে সভাপতির পদ থেকে বরখাস্ত করেছিলেন রিও দে জেনেইরোর কোর্ট অব জাস্টিস। তবে ব্রাজিলের জাতীয় দলকে ফিফা নিষিদ্ধ করতে পারে, এই কারণ দেখিয়ে এক মাস পরই রদ্রিগেজকে আবার সভাপতি পদে বসান ব্রাজিলের বিচার মন্ত্রী জিউমাহ্ মেন্ডেস।
রদ্রিগেজের ফেরার পর সম্ভাব্য নিষেধাজ্ঞার ব্যাপারটি বাতিল করে দেয় ফিফা। ফুটবল ফেডারেশনে সরকারী হস্তক্ষেপ তারা কখনোই মেনে নেয় না।
গত মার্চে পুনরায় নির্বাচিত হন রদ্রিগেজ। গত কিছুদিন ধরে তিনি আলোচনায় ছিলেন জাতীয় দলের কোচ হিসেবে কার্লো আনচেলত্তিকে নিয়োগ দিয়ে। কিন্তু তুমুল আলোচিত নিয়োগের তিন দিন পরই দায়িত্ব হারাতে হলো সভাপতিকে।
