২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাউথগেটের জন্য ‘১০২ ম্যাচে’ দৃষ্টি কেইনের

সুইজারল্যান্ডকে হারানোর পর এখন ইংলিশ ফরোয়ার্ড হ্যারি কেইনের দৃষ্টিসীমায় বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামের ফাইনাল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2024, 09:10 AM

Updated : 26 Aug 2026, 09:56 AM

ইংল্যান্ডের কোচ হিসেবে গ্যারেথ সাউথগেটকে শততম ম্যাচে উপহার দেওয়া হয়েছে জয়, সুইজারল্যান্ডকে হারিয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের সেমি-ফাইনালে ওঠার আনন্দও হয়েছে সঙ্গী। এখন আরও বড় স্বপ্নের আঁকিবুকি হ্যারি কেইনের চোখে। ইংলিশ ফরোয়ার্ডের দৃষ্টিসীমায় এখন বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামের ফাইনাল।

ডুসেলডর্ফে শনিবার ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে তৃতীয় কোয়ার্টার-ফাইনালে সুইজারল্যান্ডকে টাইব্রেকারে ৫-৩ গোলে হারায় ইংল্যান্ড। নির্ধারিত সময়ের খেলায় পিছিয়ে পড়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে জিতল সাউথগেটের দল।

৭৫তম মিনিটে ব্রিল এমবোলো সুইজারল্যান্ডকে এগিয়ে নেওয়ার পাঁচ মিনিট পর সমতা টানেন বুকায়ো সাকা। এরপর টাইব্রেকারের অগ্নিপরীক্ষায় ইংল্যান্ডের পাঁচ জনই জালের দেখা পেলে এবং মানুয়েল আকনজির শট জর্ডান পিকফোর্ড ঠেকিয়ে দিলে বিদায়ঘণ্টা বাজে সুইজারল্যান্ডের।

সুইসদের বিপক্ষে ম্যাচের আগে ব্যক্তিগত শততম ম্যাচের মাইলফলক নিয়ে উচ্ছ্বাস, আবেগ চেপে রেখেছিলেন সাউথগেট। বলেছিলেন, স্রেফ লড়াই নিয়েই ভাবছেন তিনি। কোচের শততম ম্যাচ জয়ে রাঙানোর পর কেইন বললেন, সাউথগেটকে আরও আনন্দের উপলক্ষ এনে দিতে চান তারা।

“(ইংল্যান্ডের) কোচ হিসেবে শততম ম্যাচ একটা অর্জন এবং আগামী বুধবার এটা ১০১ হতে পারে এবং আশা করি, আগামী সপ্তাহের শেষের দিকে আমরা গ্যারেথের জন্য এটা ১০২ করতে পারব।”

আগামী বুধবার দ্বিতীয় সেমি-ফাইনালে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে ইংল্যান্ড। ১৪ জুলাই বার্লিনে হবে ফাইনাল।