‘রেয়াল মাদ্রিদকে বিদায় করতে মিরাকলের প্রয়োজন নেই’
এমনকি মাদ্রিদের দলকে হারানোর জন্য তার বর্তমান দলকে সেরাটা মেলে ধরতে হবে বলেও মনে করেন না আত্মবিশ্বাসী জোসে মরিনিয়ো।
রেয়াল মাদ্রিদের বিপক্ষে কিছুদিন আগেই অবিশ্বাস্য এক পারফরম্যান্স উপহার দিয়েছে বেনফিকা। পেয়েছে স্মরণীয় এক জয়। সেই দলের বিপক্ষেই আবার লড়াইয়ে নামার আগে আরও বেশি সতর্ক বেনফিকা কোচ জোসে মরিনিয়ো। তবে, আত্মবিশ্বাসের কমতি নেই এই ‘স্পেশাল ওয়ানের’। দৃঢ় কণ্ঠে বললেন, ইউরোপের সফলতম ক্লাবের বিপক্ষে সাফল্যের পুনরাবৃত্তি করতে তার দলের কোনো মিরাকলের প্রয়োজন নেই।
চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোয় ওঠার দুই লেগের প্লে-অফের প্রথম পর্বে মঙ্গলবার রেয়ালের মুখোমুখি হবে বেনফিকা। তাদেরই মাঠে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত দুইটায়।
গত মাসের শেষ দিকে প্রাথমিক পর্বের শেষ রাউন্ডে মাদ্রিদের এই দলকে ৪-২ গোলে হারিয়েই কোনোমতে প্লে-অফে খেলা নিশ্চিত করে বেনফিকা। আর ওই হারেই তৃতীয় স্থান থেকে এক ধাক্কায় নবম স্থানে নেমে যায় রেয়াল, হারায় সরাসরি নকআউট পর্বে খেলার সুযোগ।
ওই পরাজয়ের পর, লা লিগায় তিন ম্যাচ থেলে আর হারেনি রেয়াল। লিগে তারা সবশেষ আট ম্যাচে জিতেছে। ঘরোয়া লিগের ধারাবাহিক সাফল্যের আত্মবিশ্বাস নিয়ে এবার ইউরোপ সেরার মঞ্চে মাঠে নামবে দলটি। তাছাড়া লিসবনের সবশেষ ওই হোঁচটের পর, এবার তারা ‘আহত সিংহের’ মতো প্রতিপক্ষের ওপর ঝাঁপিয়ে পড়তে পারে বলেও মনে করেন মরিনিয়ো।
তবে তাতে ভড়কে যাওয়ার মতোও কিছু দেখছেন এই পর্তুগিজ কোচ। সাবেক দলের বিপক্ষে তার বর্তমান দল আবার জয়ের পুনরাবৃত্তি করতে পারে, এই বিশ্বাস আছে তার।
“রেয়াল মাদ্রিদকে (টুর্নামেন্ট থেকে) বিদায় করে দেওয়ার জন্য বেনফিকার কোনো মিরাকলের প্রয়োজন নেই। আমার মতে, বেনফিকার কেবল নিজেদের সেরা ফুটবল খেলতে হবে। এমনকি আমি এটাও বলছি না যে, তাদের সেরা অবস্থায় থাকতে হবে…প্রায় নিখুঁত হতে হবে, যা আসলে বাস্তবে কখনও হয় না।”
“তবে অলৌকিক কিছু লাগবে না। অবশ্যই রেয়াল মাদ্রিদ তো রেয়াল মাদ্রিদই: ইতিহাস, ফুটবলের মেধা, আকাঙ্ক্ষা…দল দুটির মধ্যে একমাত্র তুলনীয় বিষয় হলো, দুটি গ্রেট ক্লাব। এর বাইরে আর কিছু নয়। তবে ফুটবলের একটা শক্তি আছে এবং আমরা জিততে পারি।”
এই প্লে-অফের ফিরতি লেগ হবে রেয়াল মাদ্রিদের মাঠ সান্তিয়াগো বের্নাবেউয়ে, আগামী ২৫ নভেম্বর।
