মেসিকে নিয়ে এখনই ভাবতে চান না আল হিলাল কোচ
আপাতত এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের দিকেই সব মনোযোগ রামন দিয়াসের।
আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির পরবর্তী ঠিকানার সম্ভাবনায় জোরেশোরে উঠে আসছে আল হিলালের নাম। সৌদি আরবের ক্লাবটির কোচ রামন দিয়াস অবশ্য বিষয়টি নিয়ে এখনই ভাবতে নারাজ। তিনি বললেন, আপাতত তাদের মনোযোগ কেবল এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের দিকে।
পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন না করায় গত কয়েক মাস ধরেই মেসির দলবদল নিয়ে বাতাসে ভাসছে নানা গুঞ্জন। ফ্রান্সের গণমাধ্যমের খবর, লিগ ওয়ানের ক্লাবটিতে আর থাকার ইচ্ছা নেই ৩৫ বছর বয়সী মেসির। এই ব্যাপারটা নাকি এরই মধ্যে ক্লাব কর্তৃপক্ষকে জানিয়েও দিয়েছেন তিনি। চলতি মৌসুমের পরই শেষ হবে চুক্তির মেয়াদ।
মেসিকে দলে টানার চেষ্টায় আছে যে কয়েকটি দল, তার মধ্যে উল্লেখযোগ্য আল হিলাল। এজন্য সৌদি প্রো লিগের ক্লাবটি নাকি বছরে রেকর্ড ৪০ কোটি ডলার গুনতেও রাজি।
সম্প্রতি দা টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি সরকারের সঙ্গে মেসির দেশটির লিগে খেলার ব্যাপারে আলোচনা করছেন তার বাবা ও এজেন্ট হোর্হে মেসি এবং সৌদি প্রো লিগের প্রধান নির্বাহী গ্যারি কুক।
দিয়াস অবশ্য মেসির আগমনের সম্ভাবনা নিয়ে আগেই খুব একটা ভাবার পক্ষপাতী নন। এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের ফিরতি লেগে আগামী শনিবার উরাওয়া রেড ডায়মন্ডসের বিপক্ষে খেলবে আল হিলাল।
এই ম্যাচের আগে দিয়াসের সংবাদ সম্মেলনে উঠে আসে মেসির প্রসঙ্গ। এর জবাবে আর্জেন্টাইন এই কোচ বলেছেন, বিষয়টি নিয়ে তারা পরে ভেবে দেখবেন।
“এখন আমরা ম্যাচের (ফাইনালের) দিকে মনোযোগ দিচ্ছি। আমাদের সামনে ফাইনাল আছে এবং ফাইনালের পর আমরা দেখব যে কী হতে চলেছে।”
গত সপ্তাহে রিয়াদে ফাইনালের প্রথম লেগ ড্র হয় ১-১ গোলে। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন আল হিলাল এখন পর্যন্ত এই শিরোপা জিতেছে চার বার।
