চ্যাম্পিয়ন্স লিগের মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে অনুশীলনে ফিরেছেন তরেস
চলতি মৌসুমে দলের সর্বোচ্চ গোলদাতাকে পাওয়ার সম্ভাবনা বার্সেলোনা কোচ হান্সি ফ্লিকের জন্য অনেক স্বস্তির।
সরাসরি চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় উঠতে জয়ের কোনো বিকল্প নেই। কোপেনহেগেনের বিপক্ষে এমন গুরুত্বপূর্ণ লড়াইয়ের আগে বার্সেলোনার অনুশীলনে ফিরেছেন ফেররান তরেস।
ইউরোপ সেরা প্রতিযোগিতায় সাত ম্যাচে চার জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে নবম স্থানে আছে বার্সেলোনা। টেবিলে তাদের ওপরের তিনটি ও নিচের চারটি দলেরও পয়েন্ট সমান ১৩ করে।
প্রথম পর্বের শেষ রাউন্ডে বুধবার ঘরের মাঠে খেলবে বার্সেলোনা। কাম্প নউয়ে তাদের কোপেনহেগেনের বিপক্ষে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত দুইটায়।
এই রাউন্ডের সবগুলো ম্যাচই শুরু হবে একই সময়ে। তাই আগে থেকে কোনো সমীকরণ হিসেব করে মাঠে নামার সুযোগ নেই। ফলে বড় ব্যবধানে জয়ের লক্ষ্যেই নামতে হবে বার্সেলোনাকে।
পয়েন্ট টেবিলের প্রথম আটটি দল সরাসরি খেলবে শেষ ষোলোয়। আর নবম থেকে ২৪তম স্থানে থাকা দলগুলো দুই লেগের প্লে-অফ খেলবে, এর মধ্যে বিজয়ী আটটি দল পাবে শেষ ষোলোর বাকি আটটি টিকেট।
কঠিন এই অভিযানে নামার আগে বলা যায় বড় সুখবরই পেয়েছে দলটি। চলতি মৌসুমে দলের সর্বোচ্চ গোলদাতা তরেস পেশির চোট কাটিয়ে মঙ্গলবার দলের সঙ্গে অনুশীলন করেছেন। চ্যাম্পিয়ন্স লিগে সবশেষ রাউন্ডে স্লাভিয়া প্রাহার বিপক্ষে ৪-২ ও লা লিগায় গত রোববার রেয়াল ওবিয়েদোর বিপক্ষে ৩-০ গোলে জয়ের ম্যাচে খেলতে পারেননি তিনি।
সব প্রতিযোগিতা মিলিয়ে এই মৌসুমে ১৫টি গোল করা এই ফরোয়ার্ডকে কোপেনহেগেনের বিপক্ষে পাওয়ার আশায় আছে তারা।
