মাঝমাঠে মারিয়াকে চান মনিকা
উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপে ভারতের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ হয়ে ওঠা ম্যাচে গতবারের সাফ জয়ী অভিজ্ঞদের পাশে পেতে চান এই মিডফিল্ডার।
পাকিস্তানের বিপক্ষে জিততে না পারার কারণগুলো খুঁজে পেয়েছেন মনিকা চাকমা। এবার তিনি মাঝমাঠে সতীর্থ হিসেবে পাননি মারিয়া মান্দাকে। রক্ষণে ছিলেন না মাসুরা পারভীন। সানজিদা আক্তার, কৃষ্ণা রানী সরকারের মতো অভিজ্ঞদের অনুপস্থিতি দলকে ভুগিয়েছে বলে মনে করেন ২১ বছর বয়সী মিডফিল্ডার।
উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপে গতবার বাংলাদেশের অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার পেছনে মারিয়া-মনিকা জুটি প্রতি ম্যাচেই বেঁধে দিয়েছিল মাঝমাঠের সুর। এবার স্বপ্না রানীর সাথে ‘জুটি’ তেমন জমেনি বলে মনে হচ্ছে মনিকার। বুধবার ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে তাই মারিয়াকে পাশে পেতে চান তিনি।
“সবসময় তো স্বপ্নার (রানী) সাথে খেলা হয় না। হঠাৎ করে খেলছি ওর সাথে, যোগাযোগে একটু সমস্যা হচ্ছেই, তবে আমরা দুজনেই এই সমস্যা কাটিয়ে নিয়েছি।”
“আমাদের মাঝমাঠের যে দায়িত্ব, সেটা যদি আমরা পালন করতে পারি, আমি আশাবাদী যে, আমরা ভালো কিছু করব (ভারতের বিপক্ষে) এবং মারিয়া যদি মাঠে থাকে, খেলে, তাহলে আমার মনে হয়, আরও ভালো একটা কিছু (ফল) আমরা আশা করি।”
পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রথমবারের মতো সাফে খেলেছেন দুই ডিফেন্ডার আফিদা খন্দকার, কোহাতি কিসকু ও মিডফিল্ডার স্বপ্না। তিন জনের অভিষেক ম্যাচের পারফরম্যান্স মন্দ ছিল না। তবে ভারতের বিপক্ষে সেমি-ফাইনাল নিশ্চিত করার লড়াইয়ে মনিকা সেরা একাদশে দেখতে চান অভিজ্ঞদেরও।
“বিগত ম্যাচে যেহেতু আমাদের দুই তিন জন খেলোয়াড় ছিল না, আমার মনে হয়, সামনের ম্যাচে আমাদের ভারতের বিপক্ষে খেলা, প্রতিপক্ষ হিসেবে তারা খুবই শক্তিশালী, তাদের বিপক্ষে সিনিয়র খেলোয়াড় ২-৩ জন (বেশি) যদি নামানো হয়, তাহলে ভালো একটা ফল আমরা আশা করি। আমরা চেষ্টা করব ভারতের বিপক্ষেও ভালো করার।”
“স্বপ্না আপু যেহেতু আগের সাফে ছিল, এবার নেই, আঁখি (খাতুন), ছোটন (গোলাম রব্বানী) স্যার এবং এবার যেহেতু (পাকিস্তানের বিপক্ষে) মাসুরা (পারভীন) আপু, মারিয়া (মান্দা), সানজিদা (আক্তার), কৃষ্ণা (রানী সরকার) ছিল না (সেরা একাদশে), ফলে আমাদের ওপর একটু চাপ ছিল যে, তারা মাঠে নাই….এই আর কী।”
‘এ’ গ্রুপে ৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ভারত। বাংলাদেশ ও পাকিস্তানের পয়েন্ট ১ করে। ভারতের বিপক্ষে তিন গোলের কম ব্যবধানে হারলেও সেরা চারের মঞ্চে উঠবে বাংলাদেশ।
