২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাজিলের প্রাথমিক দলে নেইমার

তবুও প্রশ্ন রয়েই যায়, চোটের সঙ্গে দীর্ঘদিন ধরে লড়াই করা এই ফরোয়ার্ড থাকবেন তো কার্লো আনচেলত্তির চূড়ান্ত দলে?

ব্রাজিলের প্রাথমিক দলে নেইমার
ব্রাজিলের জার্সিতে নেইমার। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2026, 04:11 PM

Updated : 26 Aug 2026, 03:07 PM

বিখ্যাত হলুদ জার্সিতে নেইমারকে সবশেষ দেখা গেছে আড়াই বছর আগে। সেই থেকে বারবার শুধু সম্ভাবনাই জেগেছে, বাস্তবে সেটা আর সম্ভব হয়নি। কারণ একটাই, চোটের ছোবল। আরও একবার তারকা এই ফরোয়ার্ডের ব্রাজিল দলে ফেরার সম্ভাবনা জেগেছে। দেশটির জনপ্রিয় পত্রিকা গ্লোবোর খবর, আসছে দুটি প্রীতি ম্যাচের প্রাথমিক দলে সাবেক বার্সেলোনা ফরোয়ার্ডকে রেখেছেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি।

আগামী জুন-জুলাইয়ের বিশ্বকাপ সামনে রেখে, শেষ ধাপের প্রস্তুতিপর্বে আগামী ২৭ মার্চ ফ্রান্সের বিপক্ষে এবং এর চার দিন পর ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলবে ব্রাজিল। দুটি ম্যাচই হবে যুক্তরাষ্ট্রে।

এই দুই ম্যাচের জন্য নেইমারকে প্রাথমিক দলে রেখেছেন কোচ এবং যেসব খেলোয়াড় এই তালিকায় আছেন, তাদের বিষয়ে তাদের ক্লাবের কাছেও তথ্য পাঠানো হয়েছে। তবে নেইমারের তালিকায় জায়গা পাওয়ার বিষয়ে তার দল সান্তোসকে জানানো মানেই তার চূড়ান্ত দলে থাকা নিশ্চিত নয়।

আগামী সোমবার ওই দুই ম্যাচের জন্য চূড়ান্ত দল ঘোষণা করবেন আনচেলত্তি। ২০২৩ সালের অক্টোবরে হাঁটুর গুরুতর চোটে পড়েছিলেন নেইমার। সেই থেকে বারবার চোটে পড়েছেন তিনি, জাতীয় দলে পারেননি আর ফিরতে।

তবে তার মনে আরেকটি বিশ্বকাপ খেলার স্বপ্ন এখনও রয়ে গেছে আগের মতোই। সেই লক্ষ্যেই জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন নেইমার। 

আনচেলত্তি অবশ্য বারবার বলেছেন, পূর্ণ ফিটনেস না পেলে কোনো খেলোয়াড়কে দলে রাখবেন না তিনি। এখন নেইমারের সামনে তাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ, কোচের সামনে নিজের ফিটনেস প্রমাণ করার।

ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপে মিরাসোলোর বিপক্ষে মঙ্গলবার মাঠে নামবে সান্তোস। ম্যাচটি দেখতে স্টেডিয়ামে উপস্থিত থাকবেন আনচেলত্তি ও তার কো-অর্ডিনেটর রদ্রিগো কায়েতানো। ভাবনায় থাকা খেলোয়াড়দেরকে সামনে থেকে দেখাই কোচের মূল উদ্দেশ্যে।

যদিও নেইমারকে নিয়ে তার সেই পরিকল্পনা সফল হচ্ছে না। কারণ, কিছুটা পেশির সমস্যায় ভুগছেন তিনি। তাই আসছে ম্যাচের স্কোয়াডে তাকে রাখেনি ক্লাবটির কোচ।

তাই নেইমারকে নিয়ে হঠাৎ জ্বলে ওঠা সম্ভাবনার আলো আবার মিলিয়ে যেতে বসেছে। পুরনো প্রশ্নটিও নতুন করে সামনে আসছে- এই ফরোয়ার্ড থাকবেন কোচের চূড়ান্ত দলে?

২০২৬ বিশ্বকাপের জন্য ব্রাজিলের চূড়ান্ত দল ঘোষণা হতে পারে আগামী ১৯ মে।