২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টানাপোড়েন শেষে রেকর্ড ১৩ কোটি পাউন্ডে লিভারপুলে ইসাক

দলবদলের বাজারে আগেই ৩০ কোটি পাউন্ডের বেশি খরচ করা লিভারপুল শেষ দিনে চোখধাঁধানো অঙ্কে দলে নিল আলোচিত স্ট্রাইকারকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2025, 12:05 PM

Updated : 26 Aug 2026, 02:13 PM

বেশ কিছুদিনের অনিশ্চয়তা, টানাপোড়েন আর উত্তেজনার সমাপ্তি দলবদলের একদম শেষ প্রহরে। রেকর্ড ট্রান্সফার ফিতে নিউক্যাসল ইউনাইটেড থেকে লিভারপুলে পাড়ি জমালেন আলেকসান্দার ইসাক।

আনুষ্ঠানিক ঘোষণা অবশ্য এখনও আসেনি। দুই ক্লাবের কোনোটিই সাড়া দেয়নি সংবাদমাধ্যমের নানা অনুরোধে। তবে স্কাই স্পোর্টস, দা অ্যাথলেটিকসহ আরও সংবাদমাধ্যম নিশ্চিত করেই দিয়েছে, সুইডিশ স্ট্রাইকারকে নিয়ে দুই ক্লাবের সমঝোতা হয়ে গেছে।

খরবর অনুযায়ী, ১৩ কোটি পাউন্ডে (প্রায় সাড়ে ১৭ কোটি মার্কিন ডলার) নতুন ঠিকানায় যাচ্ছেন ইসাক, যা ট্রান্সফার ফির ব্রিটিশ রেকর্ড। কিছুদিন আগে লিভারপুলের ১১ কোটি পাউন্ডের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল নিউক্যাসল। 

এবারের দলবদলের বাজারে সীমিত খরচের ধারা আগেই ভেঙে দিয়েছে লিভারপুল। ৩০ কোটি পাউন্ডের বেশি খরচ করে হইচই ফেলে দিয়েছে ফুটবল আঙিনায়। এবার সেখানে যোগ হলো চোখধাঁধানো অঙ্কে ইসাককে দলে নেওয়া।

তাকে পেতে অবশ্য বেশ কাঠখড় পোড়াতেই হলো লিভারপুলকে। গত মৌসুমে অসাধারণ পারফর্ম করা ফরোয়ার্ড লিভারপুলে যাওয়ার আগ্রহের কথা লুকাননি। নিউক্যাসলের বিরুদ্ধে অভিযোগ আনেন তিনি প্রতিশ্রুতি ভঙ্গের। নিউক্যাসল সেটির জবাবও দেয়। দুই পক্ষের সম্পর্কের অবনতি হয় চরমভাবে। 

তারপরও তাকে ধরে রাখতে মরিয়া ছিল ক্লাব। কোচ এডি হাউ খুব করে চাইছিলেন ইসাককে রেখে দিতে। কিন্তু ২৫ বছর বয়সী তারকার মন উঠে গিয়েছিল সেন্ট জেমস পার্ক থেকে। সেটিই পরিণতি পেল ট্রান্সফার উইন্ডোর শেষ সময়ে।

সুইডিশ ক্লাব অয়কোর একাডেমিতে পা রেখে ইসাকের ফুটবলার হওয়ার পথে যাত্রা শুরু ছয় বছর বয়সে। ২০১৬ সালে এই ক্লাবের হয়েই শুরু তার পেশাদার ক্যারিয়ার। পরের বছরই নাম লেখান বরুশিয়া ডর্টমুন্ডে। সেখানে খেলার সুযোগ তেমন পাননি বললেই চলে। ধারে কিছুদিন খেলেন নেদারল্যান্ডসের ক্লাব ভিলেমে। পরে ২০১৯ সালে পাড়ি জমান স্পেনে রেয়াল সোসিয়েদাদে। 

সেখানে তিন মৌসুমে মোটামুটি পারফর্ম করে নিজেকে পরিচিত করে তোলেন। ২০২২ সালে নিউক্যাসলের ট্রান্সফার ফির রেকর্ড গড়ে ছয় বছরের চুক্তিতে প্রথমবার চলে আসেন ইংলিশ প্রিমিয়ার লিগে। অভিষেকেই লিভারপুলের বিপক্ষে অ্যানফিল্ডে গোল করে ম্যাচ-সেরা হন।

চোটের কারণ ওই মৌসুমে লম্বা সময় তাকে মাঠের বাইরে থাকতে হয়। তবে ফিরেই আবার জ্বলে ওঠেন। গত মৌসুমে তো ক্যারিয়ারের সেরা সময় কাটান তিনি। প্রিমিয়ার লিগে ২৩ গোল করে বড় ভূমিকা রাখেন নিউক্যাসলকে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা পাইয়ে দেওয়ায়। লিগ কাপ ফাইনালে লিভারপুলকে হারানোর পথেও গোল করেন তিনি, ৭০ বছরের মধ্যে প্রথম শিরোপার স্বাদ পায় নিউক্যাসল। 

কিন্তু নতুন মৌসুমে দলবদল নিয়ে টানাপোড়েনের মধ্যে প্রাক-মৌসুম প্রস্তুতি পর্বে তাকে রাখেননি কোচ। অনুশীলন করছিলেন তিনি আলাদা করে। 

এবার হয়তো স্বস্তি পাবেন ইসাক।