২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রেয়াল মাদ্রিদে ৭১ বছর পুরোনো রেকর্ড ভাঙলেন এমবাপে

সর্বকালের সেরাদের একজন আলফ্রেদো দি স্তেফানোর কীর্তি ছড়িয়ে গেলেন কিলিয়ান এমবাপে।

রেয়াল মাদ্রিদে ৭১ বছর পুরোনো রেকর্ড ভাঙলেন এমবাপে
এমবাপের গোলের রথ ছুটছেই। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2025, 01:56 PM

Updated : 26 Aug 2026, 12:43 PM

অভিষেক মৌসুম রাঙিয়ে কিলিয়ান এমবাপে ছুটে চলেছেন রেকর্ডময় যাত্রায়। বার্সেলোনার বিপক্ষে আগের ম্যাচে দারুণ একটি রেকর্ড তিনি গড়েছিলেন। এবার রেয়াল মায়োর্কার বিপক্ষে ম্যাচ দিয়ে তিনি গড়লেন অনন্য এক কীর্তি। আরেকটি অর্জনে ছাড়িয়ে গেলেন রেয়াল মাদ্রিদের কিংবদন্তি আলফ্রেদো দি স্তেফানোকে।

রেয়াল মায়োর্কার বিপক্ষে লা লিগায় বুধবার ম্যাচের ৬৮তম মিনিটে রেয়াল মাদ্রিদকে সমতায় ফেরানো গোলটি করেন এমবাপে। পরে ম্যাচের একদম শেষ সময়ে হাকোবো রামনের গোলে রোমাঞ্চকর জয় পায় রেয়াল।

এই গোল দিয়ে চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এমবাপের গোল হলো ৪০টি। রেয়ালে অভিষেক মৌসুমে সবচেয়ে বেশি গোলের রেকর্ড গড়েছিলেন তিনি আগের ম্যাচেই। বার্সেলোনার বিপক্ষে হ্যাটট্রিক করে সেদিন তিনি ছাড়িয়ে যান ইবার সামোরানে ৩৭ গোলের রেকর্ড।

এবার রেয়ালের ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে প্রথম মৌসুমে ৪০ গোল স্পর্শ করলেন ফরাসি তারকা।

মায়োর্কার বিপক্ষে দুর্দান্ত গোলটি দিয়ে লা লিগায় তার গোল হলো ২৮টি। রেয়ালের গৌরবময় ইতিহাসে অভিষেক মৌসুমে লা লিগায় সর্বোচ্চ গোলের রেকর্ড এটিই।

এতদিন রেকর্ডটি ছিল দি স্তেফানোর। ফুটবলবিশ্বকে নাড়া দেওয়া দলবদলে রেয়ালে পাড়ি জমিয়ে ১৯৫৪-৫৪ মৌসুমে লিগে ২৭ গোল করেছিলেন এই ফরোয়ার্ড। পরে তিনি নিজেকে তুলে নেন উঁচু থেকে আরও উঁচুতে। ক্রিস্তিয়ানো রোনালদোর আগে তাকেই মনে করা হতো রেয়ালের সর্বকালের সেরা।

এমবাপের সামনে ম্যাচ বাকি আছে আরও দুটি। রেকর্ডটি তাই আরও সমৃদ্ধ করার সুযোগ তিনি পাবেন।