২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

হাইতির বিপক্ষেও নেইমারকে পাচ্ছে না ব্রাজিল

এই তারকা দলের সঙ্গে ফিলাডেলফিয়ায় যাবেন না বলে জানিয়েছে ব্রাজিলিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন।

হাইতির বিপক্ষেও নেইমারকে পাচ্ছে না ব্রাজিল
নেইমার। ছবি রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2026, 10:00 PM

Updated : 11 Sep 2026, 03:26 PM

নেইমারকে পাওয়ার অপেক্ষা বাড়ছে ব্রাজিলের। বিশ্বকাপের গ্রুপ পর্বে দলের দ্বিতীয় ম্যাচে হাইতির বিপক্ষেও খেলতে পারবেন না এই তারকা।

পয়ের মাংসপেশির চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় আছেন নেইমার। ব্রাজিলিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, দলের সঙ্গে ম্যাচের ভেন্যু ফিলাডেলফিয়ায় যাবেন না ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড। 

“তার সেরে ওঠার শেষ পর্যায়ের সর্বোচ্চ সদ্ব্যবহার করতে তিনি নিউ জার্সিতেই থাকবেন এবং দা রিজ হোটেল ও কলাম্বিয়া পার্ক ট্রেনিং সেন্টারের চমৎকার সুযোগ-সুবিধাগুলো ব্যবহার করবেন।”

বুধবার আলাদাভাবে অনুশীলন সেশনে বুট পরে বল নিয়ে ওয়ার্ম-আপ করার পর, তাকে দলের সঙ্গে অনুশীলন করতে দেখা যায়।

ফিজিওথেরাপিস্ট ও ফিটনেস কোচদের তত্ত্বাবধানে দলের ট্রেনিং সেন্টারে কেবল ইনডোরেই অনুশীলন করছিলেন তিনি। তার মাঠে ফেরার ব্যাপারে সতর্কতায় এগোচ্ছে ব্রাজিল।

গত মাসে ক্লাব সান্তোসের হয়ে খেলার সময় ডান পায়ের মাংসপেশিতে চোট পান নেইমার। তার চোট জর্জর ক্যারিয়ারের সর্বশেষ সংযোজন এটি। প্রায় তিন বছর ধরে ব্রাজিলের হয়ে খেলেননি তিনি।

মরক্কোর বিপক্ষে ১-১ ড্রয়ে বিশ্বকাপ অভিযান শুরু করা ব্রাজিল বাংলাদেশ সময় আগামী শনিবার সকাল সাড়ে ৬টায় হাইতির মুখোমুখি হবে। ‘সি’ গ্রুপে একটি করে ম্যাচ শেষে, ৩ পয়েন্ট নিয়ে স্কটল্যান্ড শীর্ষে, ১ পয়েন্ট করে নিয়ে মরক্কো দুইয়ে ও ব্রাজিল তিনে আছে। তলানিতে থাকা হাইতি এখনও পয়েন্ট পায়নি।