১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

দারুণ জয়ে ৪ পয়েন্টে এগিয়ে গেল বার্সেলোনা

এলচেকে হারিয়ে লিগ টেবিলে রেয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান বাড়াল কাতালান দলটি।

দারুণ জয়ে ৪ পয়েন্টে এগিয়ে গেল বার্সেলোনা
বার্সেলোনার দ্বিতীয় গোল করেন ফেররান তরেস। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2026, 04:15 AM

Updated : 26 Aug 2026, 02:50 PM

ম্যাচ জুড়ে আক্রমণের ঝড় বইয়ে দিল বার্সেলোনা। এলচেকে হারিয়ে লিগ টেবিলে রেয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান বাড়াল হান্সি ফ্লিকের দল।

প্রতিপক্ষের মাঠে শনিবার রাতে লা লিগার ম্যাচটি ৩-১ গোলে জিতেছে শিরোপাধারীরা।

শুরুতে লামিনে ইয়ামাল বার্সেলোনাকে এগিয়ে নেওয়ার পর, সমতা ফেরান আলভারো রদ্রিগেস। প্রথমার্ধেই ফেররান তরেসের গোলে সফরকারীরা আবার এগিয়ে যাওয়ার পর, দ্বিতীয়ার্ধে বদলি নেমে ব্যবধান বাড়ান মার্কাস র‌্যাশফোর্ড।

২২ ম্যাচে ১৮ জয় ও এক ড্রয়ে ৫৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলে ৫১ পয়েন্ট নিয়ে দুইয়ে রেয়াল মাদ্রিদ।

ম্যাচে ৬১ শতাংশ পজেশন রেখে গোলের জন্য বার্সেলোনা শট নেয় মোট ৩০টি, যার আটটি ছিল লক্ষ্যে। আর এলচের ৯ শটের তিনটি লক্ষ্যে ছিল।

ষষ্ট মিনিটেই এগিয়ে যায় বার্সেলোনা। মাঝমাঠ থেকে দানি ওলমোর থ্রু বল ধরে এগিয়ে আসা গোলরক্ষকের পাশ দিয়ে জালে পাঠান ইয়ামাল।

ষোড়শ মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়ে বাইরে মারেন ওলমো। ২৮তম মিনিটে তার শট লাগে ক্রসবারে।

পরের মিনিটে সমতায় ফেরে এলচে। মাঝমাঠ থেকে সতীর্থের পাস ধরে বক্সে ঢুকে নিচু শটে দূরের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে নেন আলভারো রদ্রিগেস।

৪০তম মিনিটে আবার এগিয়ে যায় বার্সেলোনা। তরেসের পাস বক্সে পেয়ে আগুয়ান গোলরক্ষক ইনিয়াকি পেনিয়াকে পায়ের কারিকুরিতে দুইবার ডজ দেন ফ্রেংকি ডি ইয়ং। এরপর ডাচ মিডফিল্ডারের কাছ থেকে বল পেয়ে জোরাল শটে জাল খুঁজে নেন তরেস।

দ্বিতীয়ার্ধের শুরুতে রাফিনিয়ার জায়গায় র‌্যাশফোর্ডকে নামান বার্সেলোনা কোচ। ৬২তম মিনিটে তরেস ও ওলমোর বদলি হিসেবে নামেন রবের্ত লেভানদোভস্কি ও মার্ক বের্নাল।

৭২তম মিনিটে ব্যবধান বাড়িয়ে বার্সেলোনাকে জয়ের পথে এগিয়ে নেন র‌্যাশফোর্ড। ডান দিক দিয়ে বক্সে ঢুকে ইয়ামালের পাস প্রতিপক্ষের এক ডিফেন্ডার আটকে দেওয়ার পর, জোরাল শটে জালে পাঠান ইংলিশ স্ট্রাইকার।

বাকি সময়ে দুই দলই সুযোগ পায়, কিন্তু স্কোরলাইনে আর পরিবর্তন আসেনি।

২২ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে ১২ নম্বরে আছে এলচে।