১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আইরিন-মুনকি ফিরেছেন, বাদ উমহেলা-সুরভি

ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা, মারিয়া মান্দাদের মতো চেনা মুখ নিয়েই এশিয়ান গেমসের দল গড়েছেন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের কোচ পিটার জেমস বাটলার।

আইরিন-মুনকি ফিরেছেন, বাদ উমহেলা-সুরভি
জাপানের এশিয়ান গেমস নিয়ে বড় স্বপ্ন দেখছেন না বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ পিটার জেমস বাটলার। ফাইল ছবি

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2026, 07:00 PM

Updated : 11 Sep 2026, 03:56 PM

এশিয়ান গেমস সামনে রেখে ২৩ জনের দল চূড়ান্ত করেছেন পিটার জেমস বাটলার। চেনা মুখের ভিড়ে নতুন কেবল অপির্তা বিশ্বাস। গত উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপের দলে এই তরুণ ডিফেন্ডার থাকলেও খেলার সুযোগ পাননি।

এবারের এশিয়ান গেমস জাপানের আইচি-নাগোয়ায় আগামী ১৯ সেপ্টেম্বর শুরু হয়ে শেষ হবে ৪ অক্টোবরে। নারী ফুটবল ইভেন্ট মাঠে গড়াবে আগেই, ১৪ সেপ্টেম্বর। বাংলাদেশের সাথে ‘বি’ গ্রুপে আছে উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া ও মিয়ানমার।

আসরের জন্য প্রস্তুতি সারতে সোমবার রাতে চীনের উদ্দেশে রওনা দেবে বাংলাদেশ দল। সেখানে ৭ ও ১০ সেপ্টেম্বর গুয়াংঝু এফসির বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে ঋতুপর্ণাদের। চীন থেকে সরাসরি জাপানে যাবে দল।

লম্বা বিরতি দিয়ে দলে ফিরেছেন মিডফিল্ডার মুনকি আক্তার এবং দুই ডিফেন্ডার আইরিন খাতুন ও নবীরণ খাতুন। এই তিন জনের কেউ ছিলেন না গত সাফের দলে। ভারতের গোয়ায় অনুষ্ঠিত সাফের দলে থাকা সুরমা জান্নাত, হালিমা আক্তার, উমহেলা মারমা ও সুরভী আকন্দ প্রীতি জায়গা পাননি এবার।

চীনের উদ্দেশে উড়াল দেওয়ার আগে বাফুফে ভবনে চূড়ান্ত দল, লক্ষ্যসহ নানা বিষয় নিয়ে কথা বলেন বাটলার। তবে, এই ইংলিশ কোচ বরাবরের মতোই পরিষ্কারভাবে তুলে ধরেন বর্তমান দলের বাস্তবতা।

“উত্তরটা হয়তো কিছুটা কঠিন শোনাবে, তবে আমাদের বাস্তববাদী হতে হবে। আমরা এখনও পদক জয়ের মতো স্তরে পৌঁছাইনি। আমি দায়িত্বে আসার পর গত আড়াই বছরে মেয়েরা অসাধারণ পারফর্ম করেছে, যা সম্ভবত বাংলাদেশ নারী ফুটবলের ইতিহাসের সবচেয়ে সফল অধ্যায়। এটি আমাকে বেশ স্বস্তি ও আশা জোগায়। তবে পদকের বিষয়ে বলতে গেলে-ইংল্যান্ডে আমাদের একটি প্রবাদ আছে: সাফল্য আসে 'আমি পারব' থেকে, 'পারব না' থেকে নয়। 

“আসল বিষয় হলো, আমাদের বুঝতে হবে যে আমরা একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছি। চীনে খেলার সুযোগ পাওয়াটা দারুণ বিষয়। এই সফরের আয়োজন করার জন্য বাফুফে সভাপতি, টিম ম্যানেজার এবং মাহফুজা আক্তার কিরণ আপাকে ধন্যবাদ জানাই। চীনে গিয়ে ভালো মানের দলের বিরুদ্ধে খেলার এমন সুযোগ আমাদের আরও বেশি প্রয়োজন। শ্রীলঙ্কা কিংবা মালদ্বীপের মতো দলের সঙ্গে খেলার চেয়ে আমাদের মান উন্নত করার দিকে নজর দিতে হবে।”

গত সাফে ভারতের বিপক্ষে হেরে রানার্সআপ হয়েছিল বাংলাদেশ। সেই হতাশা এখনও ভুলতে পারেননি বাটলার। এশিয়ান গেমসে ঋতুপর্ণা-মনিকাদের খেলতে হবে আরও শক্তিশালী উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়ার বিপক্ষে। মিয়ানমারও শক্তিশালী; তবে, তাদের হারিয়ে উইমেন’স এশিয়ান কাপে খেলার অভিজ্ঞতা আছে বাংলাদেশের। 

বাটলার আপাতত চীনে গিয়ে নিজেদের ঠিকঠাক গুছিয়ে নেওয়ার দিকেই মনোযোগী।

“চীন সফরের পরিকল্পনা বলতে, কাল বিকাল ৪টা থেকেই অনুশীলন শুরু হয়ে যাবে সেখানে। মেয়েরা কঠোর পরিশ্রম করেছে। গুয়াংজুতে ঘুরে বেড়ানোর কোনো সময় থাকবে না। পুরো মনোযোগ থাকবে কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে নিজেদের প্রস্তুত করার ওপর। আমরা সুপার লিগের শক্তিশালী দল গুয়াংজুর বিপক্ষে খেলব। ভিন্ন শারীরিক সক্ষমতা ও কৌশলের দলের বিরুদ্ধে নিজেদের পরখ করে নেওয়ার জন্য এটি একটি চমৎকার সুযোগ আমাদের জন্য।”

বাংলাদেশ দল: রূপনা চাকমা, শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, আফঈদা খন্দকার, কোহাতি কিসকু, মনিকা চাকমা, মমিতা খাতুন, মারিয়া মান্দা, আনিকা রানিয়া সিদ্দিকী, তহুরা খাতুন, সুরভী আক্তার আরফিন, অর্পিতা বিশ্বাস অর্পিতা, ঋতুপর্ণা চাকমা, উন্নতি খাতুন, শাহেদা আক্তার রিপা, সাগরিকা, শামসুন্নাহার জুনিয়র, স্বর্ণা রানী মণ্ডল, মিলি আক্তার, আইরিন খাতুন, নবীরন খাতুন, মুনকি আক্তার ও সুলতানা