২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভিনিসিউসের হতাশা প্রকাশে আপত্তি নেই রেয়াল মাদ্রিদ কোচের

খেলোয়াড়দের হতাশা প্রকাশকে কখনও বড় করে দেখতে চান না শাবি আলোন্সো।

ভিনিসিউসের হতাশা প্রকাশে আপত্তি নেই রেয়াল মাদ্রিদ কোচের
ভিনিসিউস জুনিয়র। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2025, 09:41 PM

Updated : 26 Aug 2026, 02:21 PM

নিজেও খেলোয়াড় ছিলেন শাবি আলোন্সো, অনেকবারই ম‍্যাচের কোনো না কোনো পর্যায়ে তাকে তুলে নিয়েছিলেন কোচ। সেই অভিজ্ঞতা থেকে ভিনিসিউস জুনিয়রসহ অন‍্যদের অনুভূতি ভালো করেই বুঝতে পারেন তিনি। সে কারণেই ব্রাজিলিয়ান তারকাসহ কারও হতাশা প্রকাশকে বড় করে দেখেন না রেয়াল মাদ্রিদ কোচ। 

স্পেনের বিশ্বকাপজয়ী সাবেক মিডফিল্ডার কোচ হয়ে আসার পর রেয়ালের হয়ে কোনো ম‍্যাচে পুরো ৯০ মিনিট খেলতে পারেননি ভিনিসিউস। এ নিয়ে কোচের প্রতি তার দৃশ‍্যমান হতাশা প্রকাশ শিরোনাম হয়েছে স্প‍্যানিশ গণমাধ‍্যমে। তবে সেগুলোকে মোটেও পাত্তা দিচ্ছেন না আলোন্সো। 

কার্লো আনচেলত্তির বিদায়ের পর সান্তিয়াগো বের্নাবেউয়ে কোচ হয়ে আসেন আলোন্সো। তার কোচিংয়ে এখনও পর্যন্ত ১২ ম‍্যাচ খেলেছে রেয়াল। এর দুটিতে বদলি নামেন ভিনিসিউস, বাকি ১০টিতে ম‍্যাচের দ্বিতীয়ার্ধে উঠে যেতে হয় তাকে। 

রেয়ালের আক্রমণের গুরুত্বপূর্ণ সদস‍্যদের একজন ভিনিসিউস। ২৫ বছর বয়সী ব্রাজিলিয়ান ফরোয়ার্ড শিরোপা জয়ের পথে গোল করেছেন ২০২২ ও ২০২৪ চ‍্যাম্পিয়ন্স লিগের ফাইনালে। কিন্তু সাম্প্রতিক সময়ে সেই অবস্থান যেন অনেকটাই টলে গেছে। 

লা লিগায় গত শনিবার এস্পানিওলের বিপক্ষে ম্যাচে পরিস্থিতি স্পষ্ট হয়ে ফুটে উঠেছে। বাঁ দিকে নিয়মিত ভীতি ছড়িয়েছেন ভিনিসিউস, অবদান রেখেছেন কিলিয়ান এমবাপের গোলে। ব্রাজিলিয়ান তারকার একটি শট লাগে পোস্টে। চলতি মৌসুমে নিজের সেরা ম‍্যাচগুলোর একটি খেলার পরও পুরো ৯০ মিনিট মাঠে থাকতে পারেননি তিনি। মাঠ ছাড়ার সময় কোচের প্রতি ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় তাকে।   

পরিসংখ‍্যান অনুযায়ী, গোলে সম্পৃক্ততার দিক থেকে দ্বিতীয় স্থানে আছেন ভিনিসিউস, খেলার সময়ের দিক থেকে দশম। ভিনিসিউসকে ঠিকঠাক ব‍্যবহার করা হচ্ছে কি না, এ নিয়ে চলমান আলোচনা-সমালোচনার মাঝে ঘুরিয়ে-ফিরিয়ে খেলানোর পক্ষে নিজের অবস্থান জানিয়ে দেন আলোন্সো।

“আমি নিজেও একজন খেলোয়াড় ছিলাম, আর যখন তুলে নেওয়া হতো, সেটা আমারও ভালো লাগত না। তাই আমি মনে করি না, খেলোয়াড়দের হতাশা প্রকাশ করা বড় কোনো ব্যাপার।”

“ভিনিসিউস যা করছে (পারফরম্যান্স), তাতে আমি খুশি। মৌসুম সবে শুরু, আমাদের সবাইকে দরকার হবে। আমি খুশি, তবে প্রতিপক্ষের রক্ষণে আমরা আরও উন্নতি করতে পারি।”

তবে এই ‘টানাপোড়েনের’ কোনো প্রভাব রেয়ালের খেলায় প্রভাব ফেলেনি। পাঁচ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে তারা লা লিগার শীর্ষে। শিরোপাধারী বার্সেলোনার চেয়ে আলোন্সোর দল দুই পয়েন্ট এগিয়ে।