১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘ফিনিশিংয়ে ব‍্যর্থতায়’ ম‍্যাচ টাইব্রেকারে নিতে পারেনি রেয়াল

রেয়াল মাদ্রিদ কোচ শাবি আলোন্সো মনে করছেন, ফিনিশিংয়ে কার্যকর হতে পারলে খেলার চিত্র ভিন্ন হতে পারত।

‘ফিনিশিংয়ে ব‍্যর্থতায়’ ম‍্যাচ টাইব্রেকারে নিতে পারেনি রেয়াল
রেয়াল মাদ্রিদ কোচ শাবি আলোন্সো। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2026, 04:04 PM

Updated : 26 Aug 2026, 05:33 PM

অল্প দিনের ব‍্যবধানে দুই প্রবল প্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদ ও বার্সেলোনার বিপক্ষে যেভাবে খেলোয়াড়রা নিজেদের উজাড় করে দিয়েছে, তাতে মুগ্ধ শাবি আলোন্সো। তবে শিরোপা জিততে না পারায় হতাশাও আছে রেয়াল মাদ্রিদ কোচের। তার মনে হচ্ছে, ফাইনালে ফিনিশিংয়ে কার্যকর হতে পারলে ম‍্যাচের চিত্র ভিন্ন হতে পারত।

জেদ্দায় রোববার স্প‍্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার বিপক্ষে ৩-২ গোলে হেরেছে রেয়াল। দুইবার সমতা ফেরালেও তৃতীয়বারে আর পারেনি ইউরোপের সফলতম দলটি। কোচ শাবি আলোন্সো মনে করেন, ফিনিশিংয়ে আরেকটু ভালো করতে পারলে ম‍্যাচ টাইব্রেকারে নেওয়া যেত।

“দল দারুণ মনোভাব ও নিবেদন দেখিয়েছে। প্রথম ৩০ মিনিটে আমাদের কোনো সমস‍্যাতেই ফেলতে পারেনি ওরা। পরে কম সময়ের মধ‍্যে অনেক বেশি কিছু ঘটেছে। ভিনিসিউস জুনিয়রের জন‍্য বাম দিকে দিয়ে আমরা ভালো খেলেছি। পায়ে লেগে দিক পাল্টানো গোলে ব‍্যবধান ৩-২ হয়েছিল। তখনও আমি নিশ্চিত ছিলাম, সমতা ফেরানোর সুযোগ পাব। ফিনিশিংয়ে ঘাটতির জন‍্য ম‍্যাচ টাইব্রেকারে নিতে পারিনি।”

সেমি-ফাইনালে নগর প্রতিদ্বন্দ্বী আতলেতিকোকে হারায় রেয়াল। ফাইনালে চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে দুর্দান্ত লড়াইয়ের পরও পারেনি তারা। মিশ্র অনুভূতি নিয়ে সৌদি আরব ছাড়ছেন কোচ আলোন্সো।

“এক দিকে শিরোপা জিততে না পারায় হতাশ, অন‍্য দিকে গর্বিত যে দল তাদের সবটুকু দিয়েছে। আমরা শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করেছি। দল একেবারে শেষ সময় পর্যন্ত চেষ্টা করেছিল এবং খুব কাছাকাছিও চলে এসেছিল।”

হতাশার হারের মধ‍্যে আলোন্সোর দলের প্রাপ্তি ভিনিসিউসের পারফরম‍্যান্স। ক্লান্তির জন‍্য ৮৫তম মিনিটে মাঠ ছাড়ার আগ পর্যন্ত বাম দিক থেকে বারবার ভীতি ছড়িয়েছেন তিনি। ১৬ ম‍্যাচের গোল খরা কাটিয়ে পেয়েছেন জালের দেখা। তার খেলায় খুশি আলোন্সো।

“৮৫তম মিনিট পর্যন্ত দারুণ ফুটবল খেলেছে ভিনিসিউস। সে ম‍্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে, তার গোলটি ছিল দর্শনীয়। আমরা এই ফলে খুশি নই। তবে মৌসুমের বাকি সময়ের জন‍্য আমরা কিছু ইতিবাচক ব‍্যাপার এখান থেকে নিতে পারি।”