চোট কাটিয়ে চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ দিয়ে ফিরছেন দেম্বেলে
আসছে ম্যাচ দিয়ে অধিনায়ককেও ফিরে পেতে যাচ্ছে ইউরোপ চ্যাম্পিয়নরা।
চোট কাটিয়ে অবশেষে পিএসজির স্কোয়াডে ফিরলেন উসমান দেম্বেলে। চ্যাম্পিয়ন্স লিগে দলের আসছে ম্যাচেই মাঠে দেখা যেতে পারে ফরাসি তারকাকে।
ইউরোপ সেরার মঞ্চে মঙ্গলবার বায়ার লেভারকুজেনের মুখোমুখি হবে শিরোপাধারীরা। জার্মান ক্লাবটির মাঠে বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ম্যাচটি।
গত ৫ সেপ্টেম্বর হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ার পর থেকে মাঠের বাইরে আছেন দেম্বেলে। এই সময়ে সব প্রতিযোগিতা মিলিয়ে পিএসজির সাতটি ম্যাচে খেলতে পারেননি এবারের ব্যালন দ’র জয়ী ফুটবলার।
তাকে ছাড়াই চ্যাম্পিয়ন্স লিগে আতালান্তা ও বার্সেলোনার বিপক্ষে জয় পেয়েছে লুইস এনরিকের দল।
অবশেষে, দেড় মাস পর লেভারকুজেনের বিপক্ষে ম্যাচ দিয়ে ফেরার জোর সম্ভাবনা তৈরি হয়েছে দেম্বেলের। সোমবার তাকে নিয়েই ২১ সদস্যের দল ঘোষণা করেছেন পিএসজি কোচ লুইস এনরিকে।
স্কোয়াডে আরও আছেন সেন্টার-ব্যাক মার্কিনিয়োস। চোট কাটিয়ে প্রায় চার সপ্তাহ পর দলে ফিরছেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার।
৩৬ দলের প্রতিযোগিতায় প্রথম দুই রাউন্ড শেষে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বায়ার্ন মিউনিখ। তাদের সমান পয়েন্ট নিয়ে রেয়াল মাদ্রিদ দুইয়ে ও পিএসজি তৃতীয় স্থানে আছে।
