১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মিউনিখে চোখ রেখে জিরোনার বিপক্ষে দুর্দান্ত ম্যাচ খেলার লক্ষ্য আরবেলোয়ার

চ্যাম্পিয়ন্স লিগের লড়াইয়ে নামার আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়ার সুযোগ রেয়াল মাদ্রিদের সামনে।

মিউনিখে চোখ রেখে জিরোনার বিপক্ষে দুর্দান্ত ম্যাচ খেলার লক্ষ্য আরবেলোয়ার
রেয়াল মাদ্রিদ কোচ আলভারো আরবেলোয়া। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2026, 07:12 PM

Updated : 26 Aug 2026, 03:22 PM

কোনো ম্যাচ হারলে পরদিনই মাঠে নেমে যেতে চান রেয়াল মাদ্রিদের খেলোয়াড়রা। টানা দুই ম্যাচে হারের পর কিলিয়ান এমবাপে, ভিনিসিউস জুনিয়ররা যে আরও বেশি তেতে আছেন, তা নিয়ে কোনো সংশয় নেই আলভারো আরবেলোয়ার। রেয়াল কোচ নিশ্চিত, জিরোনার বিপক্ষে দুর্দান্ত এক ম্যাচ উপহার দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছেন খেলোয়াড়রা।  

কাম্প নউয়ে শুক্রবার লা লিগার ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়। 

লা লিগায় মায়োর্কার বিপক্ষে হারার পর. চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষেও একই পরণতি হয়েছে রেয়ালের। কোনো প্রতিযোগিতাতেই আর ভুল করার সুযোগ নেই তাদের। 

জিরোনা ম্যাচের আগের দিন বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে আরবেলোয়া বললেন, তিনি চান পরিস্থিতি ঠিকঠাক অনুভব করুক খেলোয়াড়রা। 

“আমরা চাই, তারা অনুভব করুক যে আগামীকাল জিরোনার বিপক্ষে তাদের জ্বলে উঠতে হবে। আমাদের এটাই প্রয়োজন। তাদের প্রতিদিন নিজের খেলাটা খেলতে হবে এবং নিজের সবটুকু দিতে হবে। এটা সহজ নয়, তবে আমাদের এটাই প্রয়োজন।”

মায়োর্কার বিপক্ষে হারের পর, লা লিগায় বার্সেলোনার চেয়ে ৭ পয়েন্টে পিছিয়ে পড়েছে রেয়াল। সেই ব্যবধান আর বাড়তে দিতে চান না কোচ। দল নিয়ে কোনো পরীক্ষা-নিরীক্ষায় যেতে চান না তিনি। এদের মিলিতাও, জুড বেলিংহ্যামের মতো পরীক্ষিতদের জিরোনার বিপক্ষে শুরুর একাদশে রাখার কথা বললেন তিনি। খেলার সুযোগ পাবেন ফেরলঁদ মঁদি।

বায়ার্নের মুখোমুখি হওয়ার আগে জিরোনার বিপক্ষে যতটা সম্ভব আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে চান রেয়াল কোচ।

“আমি জয়ের জন্য নামব। ফল যাই হোক, মায়োর্কার বিপক্ষে সেরা দল নামিয়েছিলাম বলেই আমি মনে করি। কোচ হিসেবে আগামীকালকের ম্যাচ আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। ফল এনে দেওয়ার মতো দল নামাব আমি।”

“আমি পরীক্ষা-নিরীক্ষার মেজাজে নেই। আমরা অধীর হয়ে মিউনিখ ম্যাচের জন্য অপেক্ষায় আছি। (বায়ার্নের বিপক্ষে প্রথম লেগের) শেষ বাঁশি বাজার পর থেকে অ্যালিয়াঞ্জ আরেনায় কী করতে পারি, দেখতে উন্মুখ হয়ে আছি আমরা। তবে এর আগে আমাদের আগামীকালকের ম্যাচে মনোযোগ দিতে হবে। আমাদের একটা দারুণ ম্যাচ খেলতে হবে। এখানে লক্ষ্য একটাই- উঁচুমানের একাদশ নামানো এবং দুর্দান্ত একটি ম্যাচ খেলা।”

বায়ার্নের বিপক্ষে ২-১ ব্যবধানে হেরে যাওয়া ম্যাচ দুয়ো শুনেছেন ভিনিসিউস জুনিয়র। আরবেলোয়ার কাছে বের্নাবেউয়ে ভক্তদের এই দুয়ো তাদের চাহিদার বহিঃপ্রকাশ।  

“আমি এটাকে স্বাভাবিক হিসেবে দেখছি। অন্যরা হয়তো এর মধ্যে স্নায়ুচাপের আবহ দেখতে পারে। কিন্তু আমরা এখানে একটা ব্যাপারই অনুভব করি, সেটা হলো আমাদের ভক্তদের সমর্থন। আমরা এর বেশি কিছু চাইতে পারি না।”