২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘এজন্যই আমি বায়ার্নে’, বললেন মুগ্ধতা ছড়ানো কেইন

সান্তিয়াগো বের্নাবেউয়ে পুরো বিশ্বাস নিয়ে যেতে হবে, চ্যাম্পিয়ন্স লিগে প্রথম লেগে ড্রয়ের পর সতীর্থদের এ বার্তা দিয়েছেন বায়ার্ন মিউনিখের ইংলিশ ফরোয়ার্ড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2024, 04:34 PM

Updated : 26 Aug 2026, 09:31 AM

গোল যেন তার কাছে নস্যি। মাঠে নামলেই পাচ্ছেন জালের দেখা। রেকর্ডের পাতায়ও তুলছেন নিজের নাম। কিন্তু বড় আক্ষেপ রয়ে গেছে এখনও। আজও যে শিরোপা জয়ের অনাবিল উচ্ছ্বাসে ভেসে যাওয়া হয়নি হ্যারি কেইনের। প্রাপ্তির চূড়ায় উঠে হয়নি ট্রফি উঁচিয়ে ধরা। এবার হবে কি-না, তা সময়ই বলে দেবে। তবে এই ইংলিশ ফরোয়ার্ড বুক ভরা আত্মবিশ্বাস নিয়ে বললেন, এজন্যই আমি এখানে; বায়ার্ন মিউনিখে।

গত গ্রীষ্মে ইংলিশ প্রিমিয়ার লিগের দল টটেনহ্যাম হটস্পার থেকে আলিয়াঞ্জ অ্যারেনায় পা রাখেন কেইন। এই অল্প সময়ে তিনি হয়ে উঠেছেন বায়ার্নের আক্রমণভাগের প্রাণভোমরা। মঙ্গলবার রেয়াল মাদ্রিদের বিপক্ষে ২-২ ড্র ম্যাচেও তিনি গোল পেয়েছেন। 

এ ম্যাচে শুরুতে ভিনিসিউস জুনিয়রের গোলে পিছিয়ে পড়া বায়ার্নকে সমতায় ফেরান লিরয় সানে। এর চার মিনিট পর স্পট কিক থেকে বাভারিয়ানদের এগিয়ে নেন কেইন। 

এবারের চ্যাম্পিয়ন্স লিগে কেইনের মোট গোল হলো ৮টি; কিলিয়ান এমবাপের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ। প্রতিযোগিতাটিতে এর আগে কখনোই এক আসরে এত গোল করেননি এই ইংলিশ তারকা। 

গোল করা এবং করানো মিলিয়ে চ্যাম্পিয়ন্স লিগে এবার ১১টি গোলের সঙ্গে সম্পৃক্ত কেইন- কোনো ইংলিশ খেলোয়াড়ের বেলায়ও এটি রেকর্ড, ৮ গোলের পাশাপাশি অ্যাসিস্ট করেছেন ৩টি।

বায়ার্নের জার্সিতে চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে কেইনের গোল হলো ৪৩টি। এই পরিসংখ্যান দেখাচ্ছে, আক্রমণভাগে কতটা দুর্বার, কার্যকরী ৩০ বছর বয়সী এই ফরোয়ার্ড।

অভিষেক মৌসুমে এই কার্যকারিতা একদফা রূপ নিতে পারত সাফল্যে। কিন্তু বুন্ডেসলিগায় দুর্বার বেয়ার লেভারকুজেনের সঙ্গে পেরে ওঠেনি বায়ার্ন। গুঁড়িয়ে গেছে তাদের টানা দ্বাদশ লিগ শিরোপা জয়ের স্বপ্ন। তাতে প্রচণ্ড হতাশ হতে হয়েছে কেইনকেও।

চ্যাম্পিয়ন্স লিগে অবশ্য সম্ভাবনায় দুয়ার খোলা এখনও। যদিও ফিরতি লেগ রেয়ালের আঙিনায়, মানসিকভাবে এগিয়েও থাকবে প্রতিযোগিতার রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়নরা। কেইন বললেন রেয়ালের ডেরায় তাদের যেতে হবে পূর্ণ বিশ্বাস, প্রত্যয় নিয়ে।

“এখন পর্যন্ত এটা আমাদের জন্য ভালো মৌসুম। এ বছর এই প্রতিযোগিতাতেই সবকিছুর জন্য আমরা লড়াই করছি। কাজটা কঠিন হবে। অবশ্যই পুরো বিশ্বাস নিয়ে আমাদের (সান্তিয়াগো বের্নাবেউয়ে দ্বিতীয় লেগ খেলতে) যেতে হবে।”

বায়ার্নের আবহ, বড় ম্যাচ খেলার অবারিত সুযোগ, শিরোপার অধরা স্বপ্ন পূরণের সুযোগ- কেইন বললেন, এসবের জন্যই আলিয়াঞ্জ অ্যারেনায় এসেছেন তিনি এবং তা স্বল্পমেয়াদে নয়, দীর্ঘমেয়াদে।

“অনেক বছরের জন্য আমি এখানে এসেছি। স্রেফ এক বছরের জন্য নয়। অবশ্যই মৌসুমের শুরু থেকে প্রত্যাশা ছিল শিরোপাগুলো জেতার। চ্যাম্পিয়ন্স লিগ এগুলোর মধ্যে সবচেয়ে বড়; যদি কোনোভাবে আমরা এটা স্পর্শ করতে পারি, তাহলে দারুণ একটা মৌসুম হবে আমাদের জন্য।”

“এগুলো বড় ম্যাচ। আবহও অবিশ্বাস্য। ঠিক এ কারণেই আমি এখানে এসেছি। এই ম্যাচগুলো আমি খেলতে চাই, এই বড় মুহূর্তগুলোর মধ্যে থাকতে চাই আমি।”