২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চার গোল করে এমবাপে কৃতিত্ব দিলেন সতীর্থদের

চার গোলের পথে ৬ মিনিট ৪২ সেকেন্ডে হ্যাটট্রিক করেছেন কিলিয়ান এমবাপে, চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে যা দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2025, 01:25 PM

Updated : 26 Aug 2026, 05:12 PM

রেকর্ডের পাতায় নাম লেখানো হ্যাটট্রিক। এক ম্যাচে চার গোল। তিন ম্যাচ পর দলের জয়। সব মিলিয়ে কিলিয়ান এমবাপে উচ্ছ্বসিত। চার গোলের পেছনে অবশ্য সতীর্থদের অবদানকেই তিনি দেখছেন বড় করে। নিজের গোলের চেয়েও বড় তৃপ্তি তার দলের জয়ে। 

চ্যাম্পিয়ন্স লিগের উত্তেজনাপূর্ণ ম্যাচে অলিম্পিয়াকোসকে বুধবার ৪-৩ গোলে হারায় রেয়াল মাদ্রিদ। 

রেয়ালের চারটি গোলই করেন এমবাপে। ম্যাচের অষ্টম মিনিটে অলিম্পিয়াকোস এগিয়ে গেলেও ২২ থেকে ২৯ মিনিটের মধ্যেই তিন গোল করে ফেলেন এমবাপে।

৬ মিনিট ৪২ সেকেন্ডের মধ্যে হ্যাটট্রিক করেন ফরাসি এই তারকা, চ্যাম্পিয়ন্স লিগে যা দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিক। ইউরোপের সেরা আসরে এর চেয়ে কম সময়ে হ্যাটট্রিক করেছেন কেবল লিভারপুলের মোহামেদ সালাহ (৬ মিনিট ১৩ সেকেন্ড)।

প্রথমার্ধে রেয়াল ৩-১ গোলে এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে ব্যবধান কমায় অলিম্পিয়াকোস। একটু পর আবার গোল করে ব্যবধান বাড়ান এমবাপে। কিন্তু ৮১তম মিনিটে আবার গোল করে অলিম্পিয়াকোস ভয় ধরিয়ে দেয় রেয়ালকে। তবে শেষ পর্যন্ত আর গোল হয়নি।  

এই নিয়ে এবারের চ্যাম্পিয়ন্স লিগে ৫ ম্যাচেই ৯ গোল হয়ে গেল এমবাপের। দারুণ পারফরম্যান্সের পর ২৬ বছর বয়সী তারকা বললেন সতীর্থদের অবদানের কথা।  

“আমি খুবই খুশি, গোল করা সবসময়ই সন্তুষ্টির। সতীর্থরা আমাকে খুব ভালোভাবে অ্যাসিস্ট করেছে। এই ধরনের ফুটবলারদের সঙ্গে খেলতে পারা আমার জন্য সৌভাগ্যের। আমি সবসময়ই চেষ্টা করি গোল করার। কখনও কখনও গোল ধরা দেয়, কখনও ধরা দেয় না।” 

এই ম্যাচের আগে লা লিগায় টানা দুই ম্যাচে ড্র করেছে রেয়াল, চ্যাম্পিয়ন্স লিগে হেরেছে লিভারপুলের কাছে। সেই ধারায় ছেদ টানতে পেরে স্বস্তি পাচ্ছেন এমবাপে। 

“খুবই গুরুত্বপূর্ণ জয় এটি। আমাদের মতো দলের জন্য টানা তিন ম্যাচে জয় না পাওয়া মানে অনেক বড় ব্যাপার। এই ম্যাচটিও খুব কঠিন ছিল। এখানে এসে জেতাটা সবসময়ই কঠিন।”

“শুরুটাও খুব বাজে হয়েছে আমাদের, বল হারিয়েছি, প্রথমে গোল হজম করেছি, এরপর নিয়ন্ত্রণ নিয়েছি, গোল করেছি। দ্বিতীয়ার্ধে একবার আমরা এগিয়েছি, আবার পিছিয়েছি। আমরা গোল করেছি, তারাও করেছে।”

এমবাপের পারফরম্যান্সে দারুণ খুশি কোচ শাবি আলোন্সোও। শুধু গোলই নয়, দলে এমবাপের অন্য প্রভাবও তুলে ধরলেন তিনি। 

“এমবাপে দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। তার গোলগুলি তো অবশ্যই জরুরি। তবে গোলই সবকিছু নয়, তার ব্যক্তিত্ব, দলীয় সমঝোতা, কাজ, একতা… সবকিছুই গুরুত্বপূর্ণ।”