বিশ্বকাপ জয়ের শক্ত দাবিদার ‘এবারই সবচেয়ে বেশি’
১০-১২টি দলের বিশ্বকাপ জয়ের সত্যিকারের সম্ভাবনা আছে বলে মনে করেন স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে।
আসন্ন বিশ্বকাপে ফেভারিটদের একটি স্পেন। দলটির কোচ লুইস দে লা ফুয়েন্তের মতে, এবার চ্যাম্পিয়ন হওয়ার সত্যিকারের সম্ভাবনা আছে ১০-১২টি দলের। শিরোপার জয়ের শক্ত দাবিদার এবারই সবচেয়ে বেশি বলে মনে হচ্ছে তার।
এবারই প্রথম ৪৮ দল নিয়ে হতে যাচ্ছে বিশ্বকাপ। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে অনুষ্ঠেয় বিশ্বকাপের বাকি আর এক মাস।
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বর্তমান চ্যাম্পিয়ন স্পেনের কোচ মঙ্গলবার এক অনুষ্ঠানে বিশ্বকাপে ফেভারিটের প্রশ্নে নিজের অভিমত তুলে ধরেন।
“এমন কোনো বিশ্বকাপের কথা আমার মনে পড়ে না, যেখানে শিরোপার জন্য এতগুলো শক্ত দাবিদার ছিল। আমরা জেতার সামর্থ্য রাখি বলে মনে করি আমি। তবে ফ্রান্স, জার্মানি, ইংল্যান্ডের মতো ১০-১২টি দল আছে, যাদের চ্যাম্পিয়ন হওয়ার সত্যিকারের সম্ভবনা রয়েছে।”
বিশ্বকাপের জন্য এরই মধ্যে ৫৫ জনের প্রাথমিক দল ফিফার কাছে জমা দিয়েছেন দে লা ফুয়েন্তে। সেখান থেকে ২৬ জনের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবেন তিনি আগামী ২৫ মে।
প্রাথমিক দলে ছয় গোলরক্ষক থাকলেও, তিন জনকে বাদ দেবেন দে লা ফুয়েন্তে। ৫৫ সদস্যের প্রাথমিক দলের বাইরে থেকেও, তিনি বেশ কয়েকজন খেলোয়াড়কে নেবেন ইরাকের বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য।
