‘পেপই এই কাজের জন্য সঠিক ব্যক্তি’, গুয়ার্দিওলাকে ইতালির দায়িত্বে চান বোনুচ্চি
ইতালি জাতীয় দলে ‘আমূল পরিবর্তন’ আনতে সম্ভাব্য কোচ হিসেবে গুয়ার্দিওলাকে সবচেয়ে উপযুক্ত মনে হচ্ছে দেশটির সাবেক এই ডিফেন্ডারের।
টানা তৃতীয়বারের মতো ইতালির বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনে ব্যর্থতার জেরে জেন্নারো গাত্তুসোর পদত্যাগের পর নতুন কোচ খুঁজছে দেশটি। জাতীয় দলে ‘আমূল পরিবর্তন’ আনতে হবে বলে মনে করেন ইতালিয়ান গ্রেট লিওনার্দো বোনুচ্চি। এজন্য সম্ভাব্য কোচ হিসেবে পেপ গুয়ার্দিওলাকে সবচেয়ে উপযুক্ত মনে হচ্ছে সাবেক এই ডিফেন্ডারের।
গাত্তুসোর সহকারী হিসেবে কাজ করেছেন বোনুচ্চি। বর্তমানে তিনি জাতীয় দলের টেকনিক্যাল কোচ। সোমবার লরিয়াস স্পোর্টস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে স্কাই স্পোর্টসে আলাপে বোনুচ্চি ব্যাখ্যা করলেন, কেন গুয়ার্দিওলাকে কোচ হিসেবে চান তিনি।
“আমরা যদি জাতীয় দলে আমূল পরিবর্তন চাই, তাহলে আমি বলব পেপই এই কাজের জন্য সঠিক ব্যক্তি। কাজটা (তাকে পাওয়া) কঠিন, কিন্তু স্বপ্ন দেখতে তো বাধা নেই।”
ম্যানচেস্টার সিটির সঙ্গে গুয়ার্দিওলার বর্তমান চুক্তি শেষ হবে ২০২৭ সালের জুনে। অবসরের আগে বড় টুর্নামেন্টে কোনো জাতীয় দলকে কোচিং করানোর ইচ্ছার কথা অনেকবারই বলেছেন ৫৫ বছর বয়সী এই স্প্যানিয়ার্ড।
ইতোমধ্যেই দারুণ সমৃদ্ধ তার কোচিং ক্যারিয়ার। বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ ও সিটির দায়িত্বে থাকাকালীন তিনটি চ্যাম্পিয়ন্স লিগসহ ৪০টি বড় শিরোপা জিতেছেন তিনি।
ইতালির সম্ভাব্য নতুন কোচ হিসেবে বর্তমানে এগিয়ে আছেন নাপোলির কোচ আন্তোনিও কন্তে ও ইউভেন্তুসের কোচ মাস্সিমিলিয়ানো আল্লেগ্রি।
গত মাসে ইউরোপ অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের প্লে অফ ফাইনালে বসনিয়ার বিপক্ষে টাইব্রেকারে হেরে ২০২৬ বিশ্বকাপে খেলার স্বপ্ন ভাঙে ইতালির। এরপর রাজনৈতিক চাপের মুখে পদত্যাগ করেন ইতালিয়ান ফুটবল ফেডারেশনের (এফআইজিসি) সভাপতি গাব্রিয়েলে গ্রাভিনা।
জাতীয় দলের প্রতিনিধি দলের প্রধান ও ২০০৬ বিশ্বকাপ জয়ী গোলরক্ষক জানলুইজি বুফ্ফনও সরে দাঁড়ান তখন।
আগামী ২২ জুন এফআইজিসির নতুন সভাপতি নির্বাচিত করা হবে।
২০২১ সালে ইতালির ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জয়ে বড় ভূমিকা রাখা বোনুচ্চির মতে, জাতীয় দলে বড় ধরনের পরিবর্তন প্রয়োজন।
“যা ঘটছে তার মুখোমুখি হওয়ার সাহস আমাদের থাকতে হবে, যাতে আমরা সারা বিশ্বের সম্মান পুনরুদ্ধার করতে পারি এবং সেই বিশ্ব চ্যাম্পিয়ন গ্রেট জাতীয় দলে পরিণত হতে পারি। গুরুত্বপূর্ণ বিষয় হলো ইতালিয়ান ফুটবলকে একেবারে গোড়া থেকে, বিশেষ করে রক্ষণভাগ থেকে পুনর্গঠন করা।”
“ইতালির সময় প্রয়োজন। অনেক প্রতিভাবান তরুণ খেলোয়াড় আছে; আমাদের তাদের গড়ে তুলতে হবে, বিকশিত হতে দিতে হবে এবং নতুন করে শুরু করতে হবে। এর একমাত্র জাদুকরি সূত্র হলো সময়।”
