২০ দিনে ৭ ম্যাচ, ওসাসুনা ম্যাচটি নিয়ে ‘বেশি বিরক্ত’ বার্সা কোচ
ম্যাচের সূচি নির্ধারণ নিয়ে লা লিগা কর্তৃপক্ষের কড়া সমালোচনাও করলেন হান্সি ফ্লিক।
স্থগিত বার্সেলোনা-ওসাসুনা ম্যাচটির নতুন সূচি ঠিক হওয়ার পর থেকেই চলছে এ নিয়ে আলোচনা। এর বিরুদ্ধে বার্সেলোনার আপিল খারিজ হয়ে যাওয়ার পর সমালোচনার মাত্রা ক্রমেই বেড়েছে। বার্সেলোনা কোচ হান্সি ফ্লিকও লা লিগা কর্তৃপক্ষকে খোঁচা মারতে ছাড়েননি। সবার অভিযোগের কারণও প্রায় এক, খেলোয়াড়দের শারীরিক ফিটনেসের কথা কেউ ভাবে না।
বার্সেলোনার মাঠে গত ৮ মার্চ হওয়ার কথা ছিল তাদের ওসাসুনার বিপক্ষে ম্যাচটি। কিন্তু ম্যাচের কয়েক ঘন্টা আগে টিম হোটেলে মারা যান কাতালান দলটির চিকিৎসক কার্লেস মিনারো গার্সিয়া। সেই কারণে, খেলা শুরুর নির্ধারিত সময়ের ২০ মিনিট আগে ম্যাচটি স্থগিত করা হয়।
ওই ম্যাচই পরিবর্তিত সূচিতে মাঠে গড়াবে বৃহস্পতিবার, বাংলাদেশ সময় রাত দুইটায়। এর ৪৮ ঘণ্টারও কম সময়ের আগে শেষ হয়েছে আন্তর্জাতিক ফুটবল বিরতির শেষ ম্যাচটি।
বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ সময় বুধবার সকালে আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিলের জার্সিতে পুরোটা সময় খেলেছিলেন রাফিনিয়া। ওই ম্যাচের ঘণ্টা দুয়েক আগে মাঠে নামে উরুগুয়ে। যদিও বলিভিয়ার বিপক্ষে সেই ম্যাচে খেলেননি রোনাল্দ আরাউহো; তবে স্কোয়াডে ছিলেন তিনি।
রিকভারির যথেষ্ট সুযোগ না পাওয়ায় এই দজনকে ওসাসুনার বিপক্ষে আসছে ম্যাচে দলের বাইরে রাখতে বাধ্য হয়েছেন ফ্লিক। আগের দিন সংবাদ সম্মেলনে এসব নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
“এ বিষয়ে নিজের মনোভাব নিয়ে কথা বলতে চাই না, আমার মনে হয় এটা ভালো নয়।”
“খেলোয়াড়রা মাত্রই জাতীয় দলের হয়ে খেলে ফিরেছে, কিন্তু আমাদের এই ম্যাচ খেলতেই হবে। হ্যাঁ, আমরা এটা নিয়ে কথা বলতে পারি যে, আগামীকাল (বৃহস্পতিবার) ম্যাচটা খেলা ঠিক কি-না…”
ফ্লিকের দুর্ভাবনার কারণ আছে আরও। আগামী ২০ দিনের মধ্যে সাতটি ম্যাচ খেলতে হবে তার দলকে। এতে অবশ্য আপত্তি তুলছেন না এই জার্মান কোচ। কিন্তু এসব ক্ষেত্রে লা লিগার ম্যাচের সময় নির্ধারণ নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
“(বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার-ফাইনালের দ্বিতীয় লেগের আগে আগামী ১২ এপ্রিলে) লেগানেসের বিপক্ষে রাত ৯টায় (বাংলাদেশ সময় রাত ১টায়) ম্যাচ খেলার বিষয়টি নিয়েও আমরা কথা বলতে পারি। প্রতিপক্ষের মাঠে ম্যাচ থাকলে সবসময় শুরুর সময়টা রাত ৯টা হয়, সেক্ষেত্রে আমাদের ফিরতে অনেক রাত হয়ে যায়।”
“খেলোয়াড়দের রিকভারির জন্য ব্যাপারটা মোটেও ভালো কিছু নয়। আমি এতে খুশি নই। অন্যান্য ঘরোয়া লিগে চ্যাম্পিয়ন্স লিগের দলগুলোর ক্ষেত্রে এরকম হয় না।”
শেষে গিয়ে ফ্লিকের ক্ষোভ যেন আরও বেড়ে গেল। রাখঢাক না রেখেই লা লিগার দিকে কড়া সমালোচনার তির ছুড়লেন তিনি।
“চ্যাম্পিয়ন্স লিগে খেললে তখন আর বিষয়টা রেয়াল মাদ্রিদ বনাম বার্সেলোনা থাকে না, তখন গুরুত্বপূর্ণ হওয়া উচিত স্প্যানিশ ক্লাবগুলোকে সুরক্ষা দেওয়ার। তবে আমরা খেলব, কোনো অভিযোগ নেই। আমরা এসব মেনে নিয়েছি। এগুলা আসলে উয়েফা বা ফিফার দেখা উচিত। তারাই বলে আন্তর্জাতিক ফুটবলের বিরতির পর খেলোয়াড়দের তিন দিনের বিশ্রাম প্রয়োজন। কিন্তু লা লিগা বলে, আমাদের খেলতে হবে এবং উত্তরে আমরা বলি, ‘হ্যাঁ, আমরা তাই করব।’”
২৭ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে চূড়ায় আছে বার্সেলোনা। ওসাসুনাকে হারিয়ে ৩ পয়েন্টে এগিয়ে যাওয়ার সুযোগ তাদের সামনে।
২৮ ম্যাচে বার্সেলোনার সমান ৬০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে রেয়াল মাদ্রিদ। সমান ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে তিনে আতলেতিকো মাদ্রিদ।
