জর্জিয়ার বিপক্ষে পর্তুগালের ম্যাচে ‘বাড়তি নিরাপত্তা’
তুরস্কের বিপক্ষে ম্যাচে ক্রিস্তিয়ানো রোনালদোর সঙ্গে ছবি তুলতে মাঠে দর্শক প্রবেশের ঘটনায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
তুরস্কের বিপক্ষে ম্যাচে দর্শকের মাঠে ঢুকে পড়া, ক্রিস্তিয়ানো রোনালদোর সঙ্গে সেলফি তোলা, এক পর্যায়ে পর্তুগিজ মহাতারকার বিরক্ত হওয়া, ম্যাচ শেষে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে পর্তুগাল কোচ রবের্ত মার্তিনেসের উষ্মা প্রকাশ- সব মিলিয়ে নড়েচড়ে বসেছে উয়েফা। ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্তা সংস্থা ও ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের এবারের আয়োজক জার্মানি মিলিতভাবে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারের উদ্যোগ নিয়েছে।
‘এফ’ গ্রুপে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে আগামী বুধবার জর্জিয়ার মুখোমুখি হবে এরই মধ্যে নকআউট পর্বে খেলা নিশ্চিত করা পর্তুগাল। এই ম্যাচে রোনালদো-ফের্নান্দেসদের বাড়তি নিরাপত্তা দেওয়া হবে বলে জানিয়েছে উয়েফা।
চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে হারিয়ে প্রতিযোগিতা শুরু করা পর্তুগাল দ্বিতীয় ম্যাচে তুরস্ককে উড়িয়ে দেয় ৩-০ ব্যবধানে। ডর্টমুন্ডে ওই ম্যাচেই ছয় জন দর্শক মাঠে ঢুকে পড়েন; রোনালদোর সঙ্গে সেলফিও তোলেন। শুরুর দিকে ভক্তদের দাবি মেটালেও পরে বিরক্ত হতে দেখা যায় পর্তুগিজ তারকাকে।
জর্জিয়া ম্যাচে তাই বাড়তি নিরাপত্তার ব্যবস্থা রোনালদোদের জন্য করা হবে বলে বিবৃতি দিয়ে জানিয়েছে উয়েফা। আইন ভঙ্গ করে মাঠে অনুপ্রেবশকারীদের শাস্তি দেওয়া হবে বলেও সতর্ক করে দিয়েছে সংস্থাটি।
“স্টেডিয়াম, মাঠের নিরাপত্তা এবং দলগুলোর সুবিধার বিষয়টি উয়েফা, ডিএফবি (জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন) ও ইউরো ২০২৪ (কর্তৃপক্ষ) চূড়ান্তভাবে অগ্রাধিকার দেয়। তাই, এ ধরনের ঘটনা এড়াতে, প্রতিযোগিতার চাহিদা অনুযায়ী স্টেডিয়ামগুলোতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। নিরাপত্তাজনিত ইস্যুর কারণে, নির্দিষ্ট কী ব্যবস্থা নেওয়া হয়েছে, সে বিষয়ে আমরা কোনো মন্তব্য করতে পারছি না।”
“মাঠে যেকোনো অনুপ্রবেশের ঘটনা স্টেডিয়ামের নিয়ম ভঙ্গ করে এবং এর ফলে স্টেডিয়াম থেকে (দায়ীকে) বহিষ্কার, টুর্নামেন্টের সব ম্যাচে নিষিদ্ধ এবং অনুপ্রবেশের ঘটনায় অপরাধমূলক কার্যকলাপ হিসেবে অভিযোগ দায়ের করা হবে।”
জর্জিয়ার বিপক্ষে রোনালদোর খেলা অবশ্য নিশ্চিত নয়। পর্তুগাল কোচ মার্তিনেসও ইঙ্গিত দিয়েছেন, ঘুরিয়ে-ফিরিয়ে বাকিদের খেলার সুযোগ করে দিতে চান তিনি।
রোনালদো অবশ্য কখনোই ‘বিশ্রাম’ নিতে চান না। বড় টুর্নামেন্ট হলে তো কথাই নেই। যেহেতু রেকর্ড ভাঙা-গড়ার খেলায় মেতে থাকতে বরাবরই পছন্দ করেন তিনি। পর্তুগালের হয়ে সবচেয়ে বেশি গোল, ম্যাচ খেলা এবং অ্যাসিস্টের রেকর্ড আরও উঁচুতে তোলার পথে আছেন তিনি।
চলতি ইউরোয় রোনালদো অবশ্য এখনও জালের দেখা পাননি। পেলেই ৩৯ বছর বয়সী এই ফরোয়ার্ড ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে সবচেয়ে বয়সী গোলদাতা বনে যাবেন।
