রেয়ালের জার্সিতে সবটুকু দেওয়ার প্রতিশ্রুতি কোনাতের
সান্তিয়াগো বের্নাবেউয়ে বিপুল প্রত্যাশা মেটাতে আত্মবিশ্বাসী এই অভিজ্ঞ ফরাসি ডিফেন্ডার।
টানা দুই মৌসুমে বড় কোনো শিরোপা জিততে না পারা রেয়াল মাদ্রিদকে কক্ষপথে ফেরাতে নিজেকে উজাড় করে দেওয়ার প্রতিশ্রুতি দিলেন ইব্রাহিমা কোনাতে। ফ্রান্সের অভিজ্ঞ এই ডিফেন্ডার বললেন, সান্তিয়াগো বের্নাবেউয়ের বিপুল প্রত্যাশা মেটাতে তিনি প্রস্তুত।
নতুন মৌসুম শুরুর আগে দলে আসা কোচ ও খেলোয়াড়দের একে একে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দিচ্ছে রেয়াল। মঙ্গলবার কোচ জোসে মরিনিয়ো, পরদিন বের্নার্দো সিলভা ও বৃহস্পতিবার কোনাতেকে পরিচয় করিয়ে দেয় তারা।
বোর্ডরুমে লিভারপুল ছেড়ে বের্নাবেউয়ে আসা কোনাতেকে বরণ করে নেন ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেস। ২০৩০ সালের ৩০ জুন পর্যন্ত চুক্তি করা অভিজ্ঞ ডিফেন্ডার পরবেন ১৬ নম্বর জার্সি। এই জার্সির পাশাপাশি তাকে বের্নাবউয়ের একটি রেপ্লিকা ও ঘড়ি উপহার দেন পেরেস।
সেই ছোটবেলা থেকেই একদিন রেয়ালে খেলার স্বপ্ন দেখতেন কোনাতে। সেই স্বপ্ন পূরণ হওয়ায় খুশির জোয়ারে যেন ভাসছেন তিনি।
“এটা আমার জন্য অনেক বড় ব্যাপার। কারণ, আমি প্রথম যে জার্সি পেয়েছিলাম, সেটা ছিল রেয়াল মাদ্রিদের। আমার বড় ভাই সেটা আমাকে উপহার দিয়েছিল। সেই মুহূর্ত থেকে আমি সবসময়ই অসাধারণ এই ক্লাবের হয়ে খেলার স্বপ্ন দেখেছি। নিজের স্বপ্ন পূরণ করতে পেরে আজ আমি খুব খুশি। আমি জানি, যারা এই জার্সি পরে তাদের সবার কাছে অনেক প্রত্যাশা থাকে। আমি এখানে ক্লাবের হয়ে মাঠে ও মাঠের বাইরে নিজের সবটুকু দিয়ে লড়াই করতে এসেছি।”
চ্যাম্পিয়ন্স লিগে রেয়ালের সাফল্য নিয়েও কথা বলেছেন কোনাতে। তার বেদনাদায়ক এক স্মৃতিও জড়িয়ে আছে এতে। ২০২২ আসরের ফাইনালে লিভারপুলের হয়ে রেয়ালের বিপক্ষে হেরেছিলেন তিনি। এবার ইউরোপের সফলতম ক্লাবটির হয়ে ইউরোপ সেরার ট্রফি জিততে চান তিনি।
“আমি রেয়াল মাদ্রিদের ইতিহাসের অংশ হতে চাই। আমি শিরোপা জিততে চাই। এই দলের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিততে চাই এবং চিরকালের জন্য ইতিহাসের অংশ হতে চাই। প্রতিশ্রুতি দিচ্ছি এই জার্সির জন্য আমি নিজের সবটুকু উজাড় করে দেব।”
লিভারপুলে চুক্তির মেয়াদ শেষে ফ্রি এজেন্ট হিসেবে রেয়ালে এসেছেন ২৭ বছর বয়সী কোনাতে। ট্রান্সফার ফি ছাড়াই একই কৌশলে কিলিয়ান এমবাপে, ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডসহ আরও কয়েকজন হাই প্রোফাইল খেলোয়াড় এসেছেন বের্নাবেউয়ে।
গত মৌসুমে চোট খুব ভুগিয়েছে রেয়ালকে। কোনাতের উপস্থিতিতে রক্ষণে আরও একটি বিকল্প পাচ্ছেন মরিনিয়ো। ফ্রান্স ও লিভারপুলে খেলার অভিজ্ঞতায় পূর্ণ দীর্ঘদেহী কোনাতে মূলত খেলেন সেন্টার-ব্যাক হিসেবে। মৌসুমের শুরুতেই সুযোগ পেতে পারেন তিনি। আগামী শনিবার এস্পানিওলের বিপক্ষে ম্যাচ দিয়ে লা লিগা শিরোপা পুনরুদ্ধারের অভিযান শুরু করবে রেয়াল।
