আতলেতিকোয় প্রথম মৌসুম লিগ শিরোপা জিতে রাঙানোর লক্ষ্য গ্যালাঘারের
একটি করে ম্যাচ ধরে লক্ষ্যের পথে এগিয়ে যেতে চান মাদ্রিদের দলটির ইংলিশ মিডফিল্ডার কনর গ্যালাঘার।
নতুন ঠিকানায় এসে দ্রুতই মানিয়ে নিতে শুরু করেছেন কনর গ্যালাঘার। দিয়েগো সিমেওনের আতলেতিকো মাদ্রিদের জন্য নিজেকে মানানসই মনে করছেন এই ইংলিশ মিডফিল্ডার। এরই মধ্যে টুকটাক সামর্থ্যের ঝলকও দেখিয়েছেন তিনি। সামনেও দলের সাফল্যে অবদান রাখতে মরিয়া গ্যালাঘারের এখন একটাই লক্ষ্য, স্প্যানিশ ক্লাবটিতে নিজের প্রথম মৌসুমে লিগ শিরোপা জয়ের উচ্ছ্বাসে মেতে ওঠা।
চলতি লা লিগায় বেশ ভালো অবস্থায় আছে আতলেতিকো। শীর্ষে থাকা বার্সেলোনার সমান ৩৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে তারা। কাতালান ক্লাবটির চেয়ে অবশ্য এক ম্যাচ কম খেলেছে দলটি। তাই পয়েন্ট টেবিলে চূড়ায় ওঠার সুবর্ণ সুযোগ তাদের সামনে।
২০২০-২১ মৌসুমে সবশেষ লা লিগা চ্যাম্পিয়ন হয়েছিল আতলেতিকো। শিরোপা পুনরুদ্ধারের অভিযানে তাদের পরের ম্যাচ বার্সেলোনার বিপক্ষেই। শনিবার প্রতিপক্ষের মাঠে শীর্ষে ওঠার লড়াইয়ে নামবে তারা।
আতলতিকোর এই পথচলায় বড় অবদান না রাখতে পারলেও গুরুত্বপূর্ণ ভূমিকা ঠিকই রেখেছেন গ্যালাঘার। গত গ্রীষ্মে চেলসি ছেড়ে স্প্যানিশ ক্লাবটিতে যোগ দিয়ে এখন পর্যন্ত লিগে ১২ ম্যাচ খেলে দুই গোল করেছেন ২৪ বছর বয়সী এই ফুটবলার। সামনে আরও উন্নতি করে একাদশে নিয়মিত হওয়ার লক্ষ্য তার।
বার্সেলোনা ম্যাচের আগে ইএসপিএনকে গ্যালাঘার বললেন, কোচ সিমেওনের ধরনের সঙ্গে পুরোপুরি মানানসই তিনি।
“তার যে ধরনের খেলোয়াড় পছন্দ ও নিজের কৌশলের জন্য যেমন খেলোয়াড় তিনি চান, আমি মনে করি, সেটার সঙ্গে আমি একদম মানানসই। এই কারণেই আমি মনে করি, আমার জন্য দলবদলটা উপযুক্ত ছিল। আশা করি, উন্নতি অব্যাহত রাখতে পারব এবং যতটা সম্ভব তাকে সাহায্য করতে পারব।”
চেলসির হয়ে ইউরোপা লিগ জিতেছেন গ্যালাঘার। এবার তার লক্ষ্য স্পেনের সবচেয়ে বড় প্রতিযোগিতার শিরোপা জিতে এখানে নিজের প্রথম মৌসুমটি রাঙানো।
“আমার মনে হয়, এখনকার অবস্থার দিকে তাকালে সফলতা হবে অবশ্যই লিগ জেতা। আমি মনে করি, এমন একটি ক্লাবের হয়ে প্রতি মৌসুমে এটাই লক্ষ্য থাকবে।”
“আমাদের শুরুটা ভালো হয়েছে। এই মুহূর্তে আমরা ভালো অবস্থানে আছি। আর কোচ যেমন বলেছেন, আমরা ম্যাচ ধরে এগিয়ে যাব।”
