২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আর্সেনালের বিপক্ষে হারে আতঙ্কিত হওয়ার কিছু দেখছেন না কেইন

আসরের পরের ধাপে আবারও আর্সেনালের মুখোমুখি হওয়ার আশায় আছেন বায়ার্ন মিউনিখ স্ট্রাইকার।

আর্সেনালের বিপক্ষে হারে আতঙ্কিত হওয়ার কিছু দেখছেন না কেইন
হ্যারি কেইন। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2025, 04:17 PM

Updated : 26 Aug 2026, 05:12 PM

চ্যাম্পিয়ন্স লিগে আর্সেনালের বিপক্ষে হেরে মৌসুমে বায়ার্ন মিউনিখের অপরাজেয় যাত্রায় ছেদ পড়লেও শঙ্কিত হওয়ার কিছু নেই বলে মনে করেন হ্যারি কেইন। এখান থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়ার কথা বললেন এই ইংলিশ স্ট্রাইকার। 

এমিরেটস স্টেডিয়ামে বুধবার ৩-১ গোলে হেরে যায় বায়ার্ন। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে তাদের প্রথম হার এটি।

এই মৌসুমে ক্লাব ও দেশের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৯ গোল করা কেইন আর্সেনালের বিপক্ষে ছিলেন পুরোপুরি নিষ্প্রভ। ম্যাচের পর টিএনটি স্পোর্টসকে তিনি বলেন, এই হার নিয়ে আতঙ্কিত হওয়ার সময় এখন নয়। পরের ধাপে ফের আর্সেনালের মুখোমুখি হওয়ার আশাও ব্যক্ত করেন এই তারকা।

“এটা আমাদের মৌসুমের প্রথম পরাজয় এবং এ নিয়ে আমরা খুব বেশি আতঙ্কিত হতে চাই না। তবে নিশ্চিতভাবে আমরা শিখব। সেট পিসে যে ওরা বিপজ্জনক হবে, আমরা জানতাম। তবে আমি নিশ্চিত চ্যাম্পিয়ন্স লিগের শেষের দিকে আমরা আবারও তাদের (আর্সেনাল) বিপক্ষে খেলব।”

“যেমনটা বলেছি, আমার মনে হয় না এখন আতঙ্কিত হওয়ার সময়। আমরা চেলসির বিপক্ষে (ঘরের মাঠে) এবং পিএসজি ও আর্সেনালের মাঠে খেলেছি। বেশিরভাগ ম্যাচ আমরা জিতেছি।”

প্রথমার্ধে লড়াই হয় সমানে সমান। ইউরিয়েন টিম্বার আর্সেনালকে এগিয়ে নেওয়ার পর সমতা টানেন লেনার্ট কার্ল। দ্বিতীয়ার্ধে আর পেরে ওঠেনি বায়ার্ন। ননি মাদুয়েকের গোলে স্বাগতিকরা দ্বিতীয়বার এগিয়ে যাওয়ার পর ব্যবধান বাড়ান গাব্রিয়েল মার্তিনেল্লি।

দলের হারের কারণও ব্যাখ্যা করলেন ৩২ বছর বয়সী কেইন।  

“কঠিন একটা ম্যাচ ছিল, যেমনটা আমরা ভেবেছিলাম। প্রথমার্ধে ভালো লড়াই হয়, প্রায় সমানে সমান। দ্বিতীয়ার্ধে আমাদের একই রকম গতি বা তীব্রতা ছিল না এবং আমরা অনেক (বল দখলের) লড়াইয়ে হেরেছি।”

আর্সেনাল কোচ মিকেল আর্তেতা বলেছেন, তার খেলোয়াড়রা ‘ইউরোপের সেরা দল’কে হারিয়েছে। তবে বায়ার্ন কোচ ভেসোঁ কম্পানি বললেন, প্রতিযোগিতাটির সেরা দল হিসেবে বিবেচিত হওয়ার সময় এখনও আসেনি।

“তিন সপ্তাহ আগে যখন আমরা পিএসজির বিপক্ষে খেলেছিলাম, তখন আমাদের নিয়ে এই আলোচনা হয়েছিল। তারা একই কথা বলেছিল। কিন্তু আমার মনে হয় না, আমরা কেউই নভেম্বরে সেরা দল হতে চাই। গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে দলকে এগিয়ে নেওয়ার জন্য আমরা এখন সবকিছু করার চেষ্টা করছি।”