Published : 24 Aug 2025, 09:25 PM
তিন দিনের আয়োজনে শেষ হলো সামার অ্যাথলেটিক্স। প্রতিযোগিতার তৃতীয় ও শেষ দিনে ২০০ মিটার স্প্রিন্টে নিজেদের বিভাগে প্রথম হয়েছেন তারেক রহমান ও শরীফা খাতুন। সব মিলিয়ে প্রতিযোগিতার সেরা অ্যাথলেট হয়েছেন মোশাররফ হোসেন ও রিংকি বিশ্বাস।
জাতীয় স্টেডিয়াম ও আর্মি স্টেডিয়ামে- এই দুই ভেন্যুতে হওয়া এবারের প্রতিযোগিতায় রোববার শেষ দিনে পুরুষ বিভাগে ২০০ মিটারে স্প্রিন্টে ২২ দশমিক ০৪ সেকেন্ড সময় নিয়ে সেরা হন বাংলাদেশ সেনাবাহিনীর তারেক। ট্র্যাকে পড়ে গিয়ে দৌড় শেষ করতে পারেননি আগের দিন ১০০ মিটারে সেরা হওয়া ইমরানুর রহমান। এই ইভেন্টের মেয়েদের বিভাগে একই দলের শরীফা ২৫ দশমিক ২৪ সেকেন্ড সময় নিয়ে হয়েছেন প্রথম।
তৃতীয় দিনে হয়েছে ৩টি রেকর্ড। মেয়েদের ১০ হাজার মিটারে রিংকি ৩৯ মিনিট ১৪ দশমিক ৭৩ সেকেন্ড সময় নিয়ে রেকর্ড গড়ে সেরা হয়েছেন। নৌবাহিনীর এই অ্যাথলেট ভেঙেছেন ২০২২ সালে পাপিয়া খাতুনের গড়া ৪১ মিনিট ৯ দশমিক ৩২ সেকেন্ডের রেকর্ড।
মেয়েদের ট্রিপল জাম্পে ১২ দশমিক ৪৯ মিটার লাফিয়ে সেনাবাহিনীর জান্নাতুল ভেঙেছেন সোনিয়া আক্তারের (১২ দশমিক ৩৮ মিটার) রেকর্ড। পোলভল্টে ৪ দশমিক ৫১ মিটার উচ্চতা অতিক্রম করে রেকর্ড গড়েছেন সৌরভ মিয়া। তিনি ভেঙেছেন শাওন মিয়ার ৪ দশমিক ৫০ মিটার অতিক্রমের রেকর্ডটি।
এবারের আসরের দ্রুততম মানব-মানবী ইমরানুর রহমান ও সুমাইয়া দেওয়ান নন, সেরা অ্যাথলেট হয়েছেন মোশাররফ ও শরীফা। ৮০০ মিটার, ১৫০০ মিটার ও ৪*৪০০ মিটার রিলে ইভেন্টে সোনা জেতা মোশাররফ ছেলেদের মধ্যে এবং ৩০০০ মিটার, ৫০০০ মিটার ও ১০ হাজার মিটারে রেকর্ড গড়ে সোনা জেতা রিংকী বিশ্বাস হয়েছেন মেয়েদের মধ্যে সেরা অ্যাথলেট।
৪০০ মিটারে ছেলেদের বিভাগে সেনাবাহিনীর লুষাদ ইসলাম (৪৮ দশমিক ৪১ সেকেন্ড), মেয়েদের বিভাগে নৌবাহিনীর নুসরাত জাহান রুনা (৫৬ দশমিক ৯২ সেকেন্ড) সেরা হয়েছেন। এছাড়া ৫ দশমিক ৯৪ মিটার দুরত্ব অতিক্রম করে মেয়েদের লং জাম্পে প্রথম হয়েছেন নৌবাহিনীর স্বপ্না খাতুন।
২৬টি সোনা, ২১টি রুপা ও ১৫টি ব্রোঞ্জসহ ৬২টি পদক নিয়ে দলগত সেরা হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। দ্বিতীয় হওয়া নৌবাহিনী পেয়েছে ১৩টি সোনা, ১৬টি রুপা ও ১২টি ব্রোঞ্জসহ মোট ৪১টি পদক।