২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৪ গোলরক্ষক নিয়ে জার্মানির ইউরো দল

প্রত্যাশিতভাবেই দলে আছেন অবসর ভেঙে ফেরা তারকা মিডফিল্ডার টনি ক্রুস।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2024, 08:10 PM

Updated : 26 Aug 2026, 09:35 AM

দেশের মাটিতে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শিরোপা পুনরুদ্ধারের অভিযানের জন্য চার গোলরক্ষক নিয়ে প্রাথমিক দল দিয়েছে জার্মানি। এছাড়াও কিছু চমক আছে কোচ ইউলিয়ান নাগেলসমানের দলে।

আগামী ১৪ জুন জার্মানিতে শুরু হবে এবারের ইউরো। এর জন্য বৃহস্পতিবার ২৭ সদস্যের প্রাথমিক দল দিয়েছেন নাগেলসমান। প্রত্যাশিতভাবেই এই দলে আছেন অবসর ভেঙে ফেরা তারকা মিডফিল্ডার টনি ক্রুস। 

দলে নিয়মিত ও তারকা দুই গোলরক্ষক মানুয়েল নয়ার, মার্ক-আন্ড্রে টের স্টেগেন এবং অলিভার বাউমানের সঙ্গে ডাক পেয়েছেন স্টুটগার্টের আলেকসান্দার নুবেল। এছাড়া গত সাত মাসে যাদেরকে খেলিয়েছেন নাগেলসমান, তাদের বেশিরভাগই আছেন দলে।

২০১৪ সালে সবশেষ বিশ্বকাপ জয়ী জার্মানি দুই বছর পর ইউরোয় খেলেছিল সেমি-ফাইনাল। এরপর থেকে দলটির পারফরম্যান্সে কেবল অবনতিই হয়েছে। পরের দুই বিশ্বকাপেই তারা ছিটকে পড়ে গ্রুপ পর্ব থেকে। আর ২০২১ সালে সবশেষ ইউরোয় তারা কোনোমতে পেরিয়েছিল গ্রুপ পর্বের বৈতরনী।

কয়েক বছরের ওই ছন্দময় পথচলা শেষে অবশেষে গত মার্চে কিছুটা আলোর মুখ দেখেছে দলটি। ওই মাসে দুটি প্রীতি ম্যাচ খেলে দুটিতেই জয় পায় তারা; ফ্রান্সের বিপক্ষে ২-০ গোলে জয়ের পর নেদারল্যান্ডসকে হারায় ২-১ ব্যবধানে।

দল ঘোষণার সময় কোচ নাগেলসমানের কথায়ও উঠল ওই দুই ম্যাচের কথা। দারুণ এই পারফরম্যান্স সামনেও টেনে নেওয়ার আশায় আছেন তিনি।

“যখন হাতে এমন একটা স্কোয়াড থাকে, যে দল এখনও গড়ে উঠছে এবং একই সঙ্গে ভঙ্গুরও, তখন মার্চের অমন পারফরম্যান্সের পর দলে নতুন উপাদান যোগ হলে বিস্ফোরণ ঘটতে পারে এবং আবার ভাঙাচোরা অবস্থা থেকে শুরু করতে হতে পারে।”

দলে চার গোলরক্ষক নেওয়ার কারণ হিসেবে টুর্নামেন্টে ‘ওয়ার্কলোড’ সামলানোর কথা বললেন নাগেলসমান।  

“আমরা চার গোলরক্ষক বেছে নিয়েছি এবং চার জনকে নিয়েই টুর্নামেন্টে যাব। নুবেল ডাক পাওয়ার যোগ্য। কেন চার গোলরক্ষক? অনুশীলনেও গোলরক্ষক প্রয়োজন এবং মানুয়েলের (নয়ার) সবসময় সেটা করতে হবে না। আমরা অনুশীলনে সবার (ওয়ার্কলোড) নিয়ন্ত্রণ করতে পারব এবং চাপটা সবার মাঝে ছড়িয়ে দেব।”

“এর ফলে (মূল দলে) ২২ জন মাঠের খেলোয়াড় থাকবে। আমি খুব ভালোভাবেই এতে দল গড়তে পারব। অন্তত ২০ জন ঠিকঠাক অনুশীলনও করতে পারবে, যদি কয়েকজন বাইরেও থাকে।”

অভিজ্ঞদের মধ্যে রেয়াল মাদ্রিদ মিডফিল্ডার ক্রুস ও বায়ার্ন মিউনিখের নয়ারের সঙ্গে আছেন টমাস মুলারও। ২০১৪ বিশ্বকাপ জয়ী দলের এই তিনজনই আছেন এবারের স্কোয়াডে।

চোটের কারণে গত মার্চের দুই ম্যাচে খেলতে পারেননি আলেকসান্দার পাভলোভিচ। জাতীয় দলে এখনও অভিষেকও হয়নি তার। তবে, বায়ার্নের হয়ে দারুণ পারফরম্যান্সে কোচের আস্থা অর্জন করতে পেরেছেন ২০ বছর বয়সী মিডফিল্ডার। 

আর মৌসুম জুড়ে বায়ার লেভারকুজেনের অদম্য ছুটেচলায় এবং প্রথমবারের মতো বুন্ডেসলিগা জয়ের পথে দারুণ অবদান রেখে ইউরোর দলে জায়গা করে নিয়েছেন রবার্ট আন্দরিচ, ফ্লোরিয়ান ভিরৎজ, ইউনাথান টা।

দলে জায়গা না পাওয়াদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য বরুশিয়া ডর্টমুন্ডের মাটস হুমেলস ও বায়ার্ন মিউনিখের লেওন গোরেৎস্কা।

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে লড়াই দিয়ে যাত্রা শুরু হবে জার্মানির। ‘এ’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ হাঙ্গেরি ও সুইজারল্যান্ড।