১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সেরে উঠেছেন মাস্তানতুয়োনো ও রুডিগার

জিরোনা ম্যাচের আগে রক্ষণে আরেকটি ইতিবাচক খবরও পেয়েছে রেয়াল মাদ্রিদ।

সেরে উঠেছেন মাস্তানতুয়োনো ও রুডিগার
রেয়াল মাদ্রিদ ডিফেন্ডার আন্টোনিও রুডিগার। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2025, 09:44 PM

Updated : 26 Aug 2026, 05:13 PM

হ্যামস্টিংয়ের চোটে দীর্ঘদিন বাইরে থাকা আন্টোনিও রুডিগারকে নিয়ে সুখবর দিয়েছেন রেয়াল মাদ্রিদ কোচ শাবি আলোন্সো। পুরোদমে অনুশীলন শুরু করেছেন জার্মান ডিফেন্ডার। দীর্ঘ সময় বাইরে থাকতে হতে পারে-এমন শঙ্কা কাটিয়ে দলের সঙ্গে অনুশীলনে ফিরেছেন ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোও।

চলতি মৌসুমে কেবল একটি ম্যাচ খেলতে পেরেছেন রুডিগার, লা লিগায় গত অগাস্টে রেয়াল ওবিয়েদোর বিপক্ষে ৩-০ গোলে জয়ের ম্যাচে। হ্যামস্ট্রিংয়ের চোটে এরপর আর খেলতে পারেননি তিনি।

আর এবারের গ্রীষ্মে রিভার প্লেট থেকে সান্তিয়াগো বের্নাবেউয়ে আসা মাস্তানতুয়োনো অল্প সময়েই আলোন্সোর আস্থা অর্জন করেন। লা লিগায় এই মাসের শুরুতে ভালেন্সিয়ার বিপক্ষে ৪-০ গোলে জয়ের ম্যাচে পুরোটা সময় খেলেন মাস্তানতুয়োনো। তবে এরপরই কুঁচকির সমস্যায় ছিটকে পড়েন সব মিলিয়ে দলের হয়ে ১২ ম্যাচে খেলা এই আর্জেন্টাইন উইঙ্গার।

তখন বিভিন্ন গণমাধ্যমে বলা হয়েছিল, তার এই সমস্যা কাটিয়ে উঠতে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে আবার কয়েক মাসও লেগে যেতে পারে।

তবে লা লিগায় জিরোনার বিপক্ষে ম্যাচের আগের দিন রেয়াল কোচ জানালেন, পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন মাস্তানতুয়োনো। 

“সে এখন ভালো আছে, অস্বস্তি বা কোনোরকম ব্যথা ছাড়াই অনুশীলন করছে। আমরা তাকে না খেলানোর সিদ্ধান্ত নিয়েছিলাম, কারণ সে ব্যথা নিয়ে খেলছিল। তবে এখন সে সুস্থ।”

রুডিগারের সঙ্গে এদের মিলিতাওয়ের অনুশীলনে ফেরার কথাও জানিয়েছেন আলোন্সো।

“সুস্থ হয়ে ওঠা মিলিতাও ও রুডিগারও আমাদের সঙ্গে আছে। আমরা আশা করি, রাউল আসেন্সিও স্কোয়াডে থাকতে পারবে। তবে ডিন হাউসেন এখনও সেরে ওঠেনি। ফ্রাঙ্কোও অনুশীলনে যোগ হয়েছে।” 

পেশির চোটের কারণে গত সপ্তাহে লা লিগায় এলচে ও চ্যাম্পিয়ন্স লিগে অলিম্পিয়াকোসের বিপক্ষে খেলতে পারেননি ব্রাজিলিয়ান ডিফেন্ডার মিলিতাও। আর হাঁটুর চোটে ২০ বছর বয়সী সেন্টার-ব্যাক ডিন হাউসেন অলিম্পিয়াকোস ম্যাচে খেলতে পারেননি।

জিরোনার বিপক্ষে ম্যাচে রুডিগার ও মিলিতাও থাকবেন বলে ধারণা করা হচ্ছে। 

কাতালুনিয়ার ক্লাবটির মাঠে বাংলাদেশ সময় রোববার রাত ২টায় শুরু হবে ম্যাচটি।

১৩ ম্যাচে ১০ জয় ও ২ ড্রয়ে ৩২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে আছে রেয়াল মাদ্রিদ। সমান ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে ১৮ নম্বরে আছে জিরোনা।