১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

এক তুর্কি ক্লাবের আলোচনা বন্ধ, আরেকটিতে যোগ দেওয়ার দুয়ারে সালাহ

ফ্রি এজেন্ট হিসেবে শেষ পর্যন্ত তুর্কি ক্লাবেই নাম লেখাতে চলেছেন লিভারপুল ও মিশরের কিংবদন্তি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2026, 01:45 PM

Updated : 11 Sep 2026, 03:47 PM

বেশিকতাশের সঙ্গে আলোচনা ভেস্তে যাওয়ার পর এবার দৃশ্যপটে তুরস্কের আরেকটি ক্লাব। ত্রাবজনস্পর জানিয়েছে যে, মোহামেদ সালাহকে দিলে নিতে আলোচন শুরু করেছে তারা। ক্লাবের চেয়ারম্যান আরও জানান, এই সপ্তাহের শেষের দিকে মিশর ও লিভারপুলের কিংবদন্তিকে দলে পাওয়ার আশা করছেন তারা। 

তুরস্কের পাবলিক ডিসক্লোজার প্ল্যাটফর্মে দেওয়া বিবৃতিতে ক্লাবটি বলেছে, ‘ফ্রি স্ট্যাটাসে থাকা ফুটবলার মোহামেদ সালাহকে আমাদের ক্লাবে নেওয়ার জন্য আলোচনা শুরু করা হয়েছে।”

তুরস্কের গণমাধ্যমের একাধিক প্রতিবেদন অনুযায়ী, ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড দুই বছরের চুক্তিতে সম্মত হয়েছেন।

ক্লাবটি বলেছে, “ত্রাবজনে স্বাগত অনুষ্ঠানের সময় এবং বিস্তারিত অন্যান্য কিছু আমাদের ক্লাবের অফিসিয়াল কমিউনিকেশন চ্যানেলগুলোর মাধ্যমে সমর্থকদের জানানো হবে।”

বিবৃতিটির কিছুক্ষণ পরেই সম্প্রচারকারী সংস্থা ‘এ স্পোর’-কে দেওয়া সাক্ষাৎকারে ত্রাবজনস্পরের চেয়ারম্যান এরতুরল দোয়ান, যদিও চুক্তি এখনও সম্পন্ন হয়নি, তবে আশা করা হচ্ছে, মেডিকেল পরীক্ষার জন্য বুধবার ইস্তানবুলে পৌঁছাবেন সালাহ এবং তারপর চুক্তি স্বাক্ষর করতে ত্রাবজনে যাবেন।

চুক্তিটি কবে স্বাক্ষরিত হবে তা তিনি নিশ্চিত করেননি। তবে আভাস দিয়েছেন, বৃহস্পতিবার এটি হতে পারে। 

লিভারপুলে ৯ বছর কাটিয়ে ফ্রি এজেন্ট হিসেবে এবার বিদায় নিয়েছেন সালাহ। 

নয় বছর পর এই গ্রীষ্মে লিভারপুল ছেড়েছেন সালাহ। এই ক্লাবে তিনি নিজেকে তুলে নিয়েছেন সর্বকালের সেরাদের কাতারে। ক্লাবটির হয় ৪৪২ ম্যাচে করেছেন ২৫৭ গোল। দুটি করে প্রিমিয়ার লিগ ও লিগ কাপ জয়ের পাশাপাশি জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ, এফএ কাপ, ফিফা ক্লাব বিশ্বকাপ ও উয়েফা সুপার কাপ। 

২০২৪-২৫ মৌসুমে প্রিমিয়ার লিগে ২৯টি গোল করে এবং ১৮টি গোলে সহায়তা করে দলের শিরোপা জয়ে রাখেন বড় ভূমিকা। এক মৌসুমে সর্বোচ্চ গোল সম্পৃক্ততার রেকর্ড ছিল সেটি। সেই পারফরম্যান্সের পথ ধরে বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হন, পাশাপাশি জিতে নেন গোল্ডেন বুট ও প্লেমেকার অ্যাওয়ার্ড জেতেন। এক মৌসুমে এই তিনটি পুরস্কারই জয় করা একমাত্র ফুটবলার তিনি। 

তবে গত মৌসুমে তিনি ছিলেন ম্লান। লিগে ২৭ ম্যাচ খেলে গোল করেন সাতটি, সহায়তা করেন সমান গোলে। আর্না স্লটের সঙ্গে তার মনোমালিন্য প্রকাশ্য হয়ে ওঠে। বিতর্কিত মন্তব্যও করেন তিনি, যেটির খেসারত হিসেবে তাকে বাইরে বসে থাকতে হয়। ক্রমে তার বিদায়ও নিশ্চিত হয়ে পড়ে। শেষ পর্যন্ত অবশ্য স্লটও টিকতে পারেননি। বরখাস্ত করা হয় তাকে। 

ত্রাবজনস্পর ক্লাবের পথচলা শুরু ১৯৬৭ সালে। তুরস্কের চতুর্থ বৃহত্তম দল মনে করা হয় তাদের। ফেনারবাচে, গালাতাসারাই ও বেশিকতাশের পরই এই ক্লাবের অবস্থান। সাতবার চ্যাম্পিয়ন হয়ে লিগ শিরোপার রেকর্ডেও তারা আছে ওই তিন ক্লাবের পরে। সবশেষ লিগ জিতেছে তারা ২০২১-২২ মৌসুমে। গত আসরে হয়েছিল তৃতীয়।  

স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, ইস্তানবুলের ক্লাব বেশিকতাশে যোগ দেওয়ার খুব কাছাকাছি ছিলেন সালাহ। কিন্তু আর্থিক নানা বিষয় ও এবং ইমেজ-স্বত্ব সংক্রান্ত দাবির কারণে আলোচনা থমকে যায়।