১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

দারউইন নুনেসের নিবেদনে অসন্তুষ্ট লিভারপুল কোচ

লিভারপুলের এই ফরোয়ার্ডের পারফরম্যান্সে একদমই সন্তুষ্ট নন আর্না স্লট।

দারউইন নুনেসের নিবেদনে অসন্তুষ্ট লিভারপুল কোচ
লিভারপুল ফরোয়ার্ড দারউইন নুনেস। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2025, 06:21 PM

Updated : 10 Sep 2026, 12:34 PM

এমনিতেই কয়েক ম্যাচ ধরে শুরুর একাদশে জায়গা হচ্ছে না দারউইন নুনেসের। সবশেষ ম্যাচে তো খেলার সুযোগই পাননি তিনি। তার পারফরম্যান্সে তেমন সন্তুষ্ট নন আর্না স্লট। বিশেষ করে বললে, মাঠে উরুগুয়ের এই ফরোয়ার্ডের নিবেদনে খুশি নন লিভারপুল কোচ।

গত সপ্তাহে খেলা দুইটি লিগ ম্যাচেই হতাশ করেন নুনেস। উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের বিপক্ষে অনুজ্জ্বল এই ফুটবলার পরের ম্যাচে অ্যাস্টন ভিলার বিপক্ষে নষ্ট করেন সুবর্ণ সুযোগ। যা নিয়ে তার কড়া সমালোচনা শুনতে হয়।

২-২ ড্র হওয়া ভিলা ম্যাচের পর নুনেসের পারফরম্যান্স নিয়ে সরাসরি অসন্তোষের কথা বলেন স্লট। পরে গত রোববার ম্যানচেস্টার সিটির বিপক্ষে ২-০ গোলে জেতা ম্যাচে ২৫ বছর বয়সী এই ফুটবলারকে মাঠেই নামাননি তিনি।

লিগ ম্যাচে বুধবার নিউক্যাসলের মুখোমুখি হবে লিভারপুল। আগের দিনের সংবাদ সম্মেলনে ওঠে নুনেসের প্রসঙ্গ। তখনই তার সর্বোচ্চটা না দেওয়ার অভিযোগ তোলেন স্লট।

“একটা সুযোগ নষ্ট করতেই পারো, আমি তাকে এটা বলে সাহায্য করার চেষ্টা করেছিলাম। তার প্রতি কেবল কঠোরই ছিলাম, বিষয়টা এমন নয়। তবে উলভস ও ভিলার বিপক্ষে, টানা দুই ম্যাচে তার প্রচেষ্টায় আমি খুশি হতে পারিনি।”

“একজন খেলোয়াড় নিজের সবটুকু উজাড় করে না দিলে, আমি মানতে পারি না। এটা পরিষ্কার। একবার হলে মেনে নেওয়া যায়, কিন্তু দুইবার একটু বাড়াবাড়ি হয়ে যায়। এজন্যই আমি বিষয়টি তুলে ধরেছি। সুযোগ মিস করলেও, দলের জন্য লড়াই তো করতে হবে। আমি বলছি না যে, সে মোটেই তা করেননি। তবে সে তার স্বাভাবিক খেলাটা খেলেনি, যেমনটা তার ভক্তরা পছন্দ করে।”

তবে পরিশ্রমের বিবেচনায় অনুশীলনে নিজেকে উজাড় করে দিচ্ছেন নুনেস। স্লটের বিশ্বাস, এভাবে চালিয়ে গেলে নিজেকে যেকোনো সময় ফিরে পাবেন নুনেস।