সেট পিস থেকে গোল হজমে হতাশ রিয়াল কোচ
শিষ্যদের ভুল থেকে শিক্ষা নেওয়ার তাগিদ কার্লো আনচেলত্তির।
দলে তিন গুরুত্বপূর্ণ খেলোয়াড় না থাকলেও শক্তির বিচারে লাইপজিগের বিপক্ষে ফেভারিট ধরা হচ্ছিল রিয়াল মাদ্রিদকে। তবে রক্ষণভাগের দুর্বলতায় শুরুতেই দুই গোল হজম করা মাদ্রিদের ক্লাবটি শেষ পর্যন্ত হেরে যায়। জার্মান ক্লাবটির প্রথম দুই গোলের উৎস কর্নার থেকে। আর এটাই মেনে নিতে পারছেন না রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। তার মতে, সেট পিস সামলানোয় তাদের মনোযোগে ঘাটতি ছিল।
চ্যাম্পিয়ন্স লিগে ‘এফ’ গ্রুপের ম্যাচে গত মঙ্গলবার ৩-২ গোলে জিতেছে লাইপজিগ। শুরুর ১৮ মিনিটের মধ্যে ইশকো গাবারদিওল ও ক্রিস্তোফা এনকুনকুর গোলে দলটি এগিয়ে যাওয়ার পর বিরতির আগে ব্যবধান কমান ভিনিসিউস জুনিয়র। জার্মান ক্লাবটিকে টিমো ভেরনার আবারও দুই গোলে এগিয়ে দেওয়ার পর যোগ করা সময়ে সান্ত্বণাসূচক গোলটি করেন রদ্রিগো।
চোটের কারণে এই ম্যাচে খেলেননি ফরোয়ার্ড করিম বেনজেমা ও ফেদে ভালভেরদে। আর শেষ মুহূর্তে স্কোয়াড থেকে প্রত্যাহার করা হয় অভিজ্ঞ মিডফিল্ডার লুকা মদ্রিচকে। এই তিনজনের শূন্যতা স্পষ্টভাবে ফুটে ওঠে রিয়ালের খেলায়।
ত্রয়োদশ মিনিটে স্বাগতিকদের উচ্ছ্বাসে মাতান গাবারদিওল। কর্নারে প্রতিপক্ষের প্রথম প্রচেষ্টা ঝাঁপিয়ে ঠেকালেও বিপদমুক্ত করতে পারেননি থিবো কোর্তোয়া। ফিরতি বল পেয়ে গোলমুখ থেকে হেডে দলকে এগিয়ে নেন এই ক্রোয়াট ডিফেন্ডার।
লাইপজিগের দ্বিতীয় গোলও আসে কর্নারের ফলশ্রুতিতে। সতীর্থের নেওয়া শট প্রতিপক্ষের পায়ে লেগে বক্সে পেয়ে যান এনকুনকু। জায়গা বানিয়ে বুলেট গতির শটে বল জালে পাঠান তিনি।
ম্যাচের পর সংবাদ সম্মেলনে এভাবে সেট পিস থেকে গোল হজম করায় হতাশা প্রকাশ করলেন আনচেলত্তি। ভুল থেকে শিক্ষা নেওয়ার তাগাদা দিলেন শিষ্যদের প্রতি।
“বলের দিকে আমাদের মনোযোগ ছিল না এবং এরপর (সেট পিস থেকে) আমরা দুটি গোল হজম করলাম, যে কাজটা (সেট পিস সামলানো) আমরা আরও স্বাচ্ছ্যন্দের সঙ্গে করে থাকি।”
"আমি লড়াইয়ের তীব্রতা বা মনোভাবের অভাব দেখিনি। হারের স্বাদ তো পেতে হতোই, আমি এটা আগেও বলেছি। এই পরাজয় হতাশার, সব হারই হতাশাজনক। তবে কোনো কোনো পরাজয় অন্য কোনোটার চেয়ে কম, কারণ আমাদের এখনও গ্রুপে শীর্ষে থেকে শেষ করার আরেকটি সুযোগ আছে।”
চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এটি রিয়ালের প্রথম হার। সবসময়ের মতো আনচেলত্তি খেলোয়াড়দের আড়াল করলেও নিজেদের পারফরম্যান্স নিয়ে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন রিয়াল গোলরক্ষক কোর্তোয়া। মুভিস্টারকে তিনি বলেন, কোচ সতর্ক করলেও তারা একই ভুলের পুনরাবৃত্তি করেছেন।
“এটা মাঝে মাঝেই আমাদের সঙ্গে ঘটে। আমরা মনোযোগ হারিয়েছিলাম, আর লড়াকু মনোভাব না দেখালে মূল্য দিতে হয়। কোচ আমাদের সতর্ক করেছিলেন, তারপরও এটা ঘটেছে।”
“এভাবে চলতে পারে না। বিরতির আগে আমরা লড়াইয়ে ফিরেছিলাম। কিন্তু দ্বিতীয়ার্ধেও আমরা অনেক পাস মিস করেছি।”
আগেই শেষ ষোলো নিশ্চিত করা রিয়াল পাঁচ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে আছে গ্রুপের শীর্ষে।
দুইয়ে থাকা লাইপজিগের পয়েন্ট ৯। শাখতার দোনেৎস্কের পয়েন্ট ৬, তারা আছে তিন নম্বর স্থানে।
গ্রুপ চ্যাম্পিয়ন হতে শেষ রাউন্ডে রিয়ালের জয় প্রয়োজন।
