২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যর্থতার স্মৃতি আওড়ে ফ্রান্সকে সতর্ক করলেন ভাঁসা

মুকুট ধরে রাখার মিশনে নামার অপেক্ষায় থাকা উত্তরসূরিদের আত্মতুষ্টিতে ভুগতে মানা করলেন সাবেক ফরাসি এই ডিফেন্ডার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2022, 05:12 PM

Updated : 26 Oct 2022, 05:17 PM

১৯৯৮ সালের বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের পরের আসরে বিদায় ঘণ্টা বেজেছিল গ্রুপ পর্ব থেকেই! অবিশ্বাস্য ব্যর্থতার সেই দুঃসহ স্মৃতি আওড়ালেন ভাঁসাঁ কাঁদেলা। শিরোপা ধরে রাখার স্বপ্ন নিয়ে কাতারে যাওয়ার অপেক্ষায় থাকা উত্তরসূরিদের আগে থেকে সতর্কও করে দিলেন দেশের প্রথম বিশ্বকাপ জয়ী এই ডিফেন্ডার।

আগামী ২০ নভেম্বর কাতারের দোহায় শুরু হবে এবারের বিশ্বকাপ। ২২ ডিসেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ‘ডি’ গ্রুপে নিজেদের পথচলা শুরু করবে ফ্রান্স। গ্রুপের অন্য দুই দল ডেনমার্ক ও তিউনিশিয়া।

ডেনমার্কের বিপক্ষেই যেমন সাম্প্রতিক অতীত একেবারেই ভালো নয় ফ্রান্সের। গত জুন ও সেপ্টেম্বরে উয়েফা নেশন্স লিগে দুইবারের দেখাতেই হেরেছে ফরাসিরা। ২০০২ বিশ্বকাপে মাত্র ১ পয়েন্ট নিয়ে তাদের গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়ার সেই দুঃসহ স্মৃতিতেও জড়িয়ে আছে ডেনিশদের নাম, সেবার তাদের বিপক্ষে ২-০ গোলে হেরেছিল ফ্রান্স। কাঁদেলা তাই উত্তরসূরিদের আগে থেকেই সাবধান করে দিলেন।

“বিশ্বকাপে কোনো কিছুই নিশ্চিত ধরে নেওয়া যায় না। ১৯৯৮ বিশ্বকাপের গ্রুপ পর্বে আমি ডেনমার্কের বিপক্ষে খেলেছিলাম (ফ্রান্স ২-১ গোলে জিতেছিল)। ডেনিশরা সবসময়ই খুব সংগঠিত দল এবং তাদেরকে হারানো বড় চ্যালেঞ্জ। কিন্তু শিরোপা জিততে চাইলে তো ওসবে থামলে চলবে না।”

কাতার বিশ্বকাপের বাছাইয়ে ফরাসিদের পারফরম্যান্সে ছিল না চেনা সৌরভ। নেশন্স লিগেও আলো ছড়াতে পারেনি দেশমের দল। তারপরও কাঁদেলার বিশ্বাস তার উত্তরসূরিরা প্রস্তুত।

Image

ফ্রান্সের প্রথম বিশ্বকাপ জয়ী দলের সদস্য ভাঁসাঁ কাঁদেলা। ছবি: ফিফা

“সাম্প্রতিক সময়ের (হতাশাজনক) ফলগুলো সত্ত্বেও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে ফ্রান্স বিশ্বকাপে আসছে এবং কাতারে প্রথম ম্যাচের জন্য তাদের প্রস্তুত হতে হবে। আমি বলছি না, বিশ্বকাপের পথচলায় শেষ ম্যাচগুলো গুরুত্বপূর্ণ নয়, কিন্তু সবসময় কোচের হাতে সুযোগ থাকে পরিবর্তন করার, নতুন খেলোয়াড় পরখ করার এবং বিষয়গুলো ঠিকঠাকের চেষ্টা করার। বিশ্বকাপ বিশেষ কিছু এবং এগুলোই পার্থক্য গড়ে দেয়। হয়ত হতাশাজনক ইউরোর কারণে ফ্রান্সকে কথা শুনতে হচ্ছে, কিন্তু আমি মনে করি, তারা প্রস্তুত।”

শিরোপা ধরে রাখার স্বপ্নে বিভোর দেশমের দলকে সতর্কও করে দিয়েছেন কাঁদেলা। এমবাপেদেরকে আত্মতুষ্টিতে ভুগতে মানা করলেন দেশের হয়ে বিশ্বকাপ ও ইউরো চ্যাম্পিয়নশিপ জয়ী সাবেক ফুটবলার। কোরিয়া-জাপান আসরে নিজেদের ব্যর্থতার স্মৃতি আওড়ে বললেন, মনতাত্ত্বিক কারণেই সাফল্যের ধারায় থাকা কঠিন।

“মানুষের মন…ঠিকাছে, যাক, এটা অনেক বিস্তৃত বিষয়। আমার ক্ষেত্রে যেমনটা হয়েছিল, সেটা বলি। যখন মনে হবে ইতোমধ্যে একটা জায়গায় পৌঁছে গেছি, উদাহরণ হিসেবে বলা যায়, বিশ্বকাপ কিংবা ক্লাবের হয়ে ট্রফি জয়, তখন তৃপ্তি অনুভব করার সুযোগ থাকে।”

“সাফল্যের জন্য ক্ষুধার্ত দলগুলোর বিপক্ষে খেলতে হয়…আর তারা চমকে দেয়। ‘আমি ভালো’-বিশ্বকাপে এভাবে ভাবার সময় বা সুযোগ নেই। এ কারণে আমি মনে করি, দলীয় মনোযোগ ভীষণ গুরুত্বপূর্ণ।”