২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রেয়ালে ৯ নম্বর জার্সি পেয়ে এমবাপে বললেন, ‘সংখ্যা কোনো ব্যাপার না’

লকার রুমে ১০ নম্বর জার্সিধারী লুকা মদ্রিচের কাছাকাছি থাকতে পারবেন বলেই খুশি ফরাসি তারকা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2024, 07:59 PM

Updated : 10 Sep 2026, 12:11 PM

পিএসজিতে কিলিয়ান এমবাপে খেলতেন ৭ নম্বর জার্সি পরে। ফ্রান্স জাতীয় দলে তিনি গায়ে জড়ান ১০ নম্বর জার্সি। এই দুটির একটিও তিনি পাচ্ছেন না রেয়াল মাদ্রিদে। সান্তিয়াগো বের্নাবেউয়ে তাকে খেলতে হবে ৯ নম্বর জার্সিতে। এতে অবশ্য কোনো সমস্যা দেখছেন না ফরাসি তারকা।

বের্নাবেউয়ে মঙ্গলবার ৭৫ হাজার বেশি দর্শকের উপস্থিতিতে এমবাপেকে নিজেদের খেলোয়াড় হিসেবে পরিচয় করিয়ে দেয় ইউরোপের সফলতম দলটি। 

রেয়ালে ৭ নম্বর জার্সি পরেন এখন ভিনিসিউস জুনিয়র। ১০ নম্বর জার্সি লুকা মদ্রিচের, যার সঙ্গে আরও এক মৌসুম চুক্তির মেয়াদ বাড়ানোর পথে আছে রেয়াল।

গত বছর কারিম বেনজেমা ক্লাব ছাড়ার পর থেকে রেয়ালে ফাঁকা পড়ে ছিল ৯ নম্বর জার্সি। সেটিই পেয়েছেন এমবাপে। তিনি যাকে আদর্শ মানেন, সেই ক্রিস্তিয়ানো রোনালদোও ২০০৯ সালে রেয়ালে যোগ দেওয়ার পর পেয়েছিলেন ৯ নম্বর জার্সি। পর্তুগিজ তারকা তার প্রিয় ৭ নম্বর জার্সি পান ২০১০-১১ মৌসুমে, যখন রেয়াল ছাড়েন রাউল গনসালেস। 

রেয়ালে ৭ কিংবা ১০ নম্বর জার্সি না পাওয়ায় কোনো আক্ষেপ আছে এমবাপের? ফ্রান্সের বিশ্বকাপ জয়ী ফরোয়ার্ড বললেন, তার কাছে সংখ্যায় কিছু যায়-আসে না।

“১০ নম্বর জার্সি? লুকা মদ্রিচ রেয়াল মাদ্রিদের কিংবদন্তি। আমি ৯ নম্বরে খুব খুশি, ৪২, ২৯ নম্বর নিয়েও খেলতে পারি, এতে কোনো পার্থক্য নেই।”

“লুকা মদ্রিচের ১০ নম্বর আছে, আমি লকার রুমে তার কাছাকাছি থাকতে পেরে খুশি, কারণ ৯ নম্বর ১০ এর কাছাকাছি। সংখ্যা কোনো ব্যাপার না।”