আলিসনকে নিয়ে তাড়াহুড়া করতে নারাজ লিভারপুল কোচ
আর্না স্লটের মতে, ৫০ শতাংশ ফিট হলেই আলিসনকে নামিয়ে দিতে হবে, এমন পরিস্থিতি নেই তাদের।
চোটের কারণে প্রায় দুই মাস ধরে মাঠের বাইরে আছেন আলিসন। দলের প্রথম পছন্দের গোলরক্ষককে ছাড়া অবশ্য তেমন একটা সমস্যা হচ্ছে না লিভারপুলের। চমৎকার পারফরম্যান্সে তার অভাব অনুভবই করতে দিচ্ছেন না কুইভিন কেলেহার। তাই পুরোপুরি ফিট না হওয়া পর্যন্ত ব্রাজিলিয়ান গোলরক্ষককে সময় দিতে চান ইংলিশ ক্লাবটির কোচ আর্না স্লট।
গত অক্টোবরের শুরুতে প্রিমিয়ার লিগের ম্যাচে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে হ্যামস্ট্রিংয়ে চোট পান আলিসন। ওই ম্যাচের ৭৯তম মিনিটে মাঠ ছাড়তে বাধ্য হন ৩২ বছর বয়সী গোলরক্ষক। সেই থেকে বাইরে আছেন তিনি।
আলিসনের অনুপস্থিতিতে সুযোগ পেয়ে দারুণ পারফরম্যান্স উপহার দিয়ে যাচ্ছেন কেলেহার। এই সময়ে ৯ ম্যাচে লিভারপুলের হয়ে পোস্টে দাঁড়িয়েছেন আয়ারল্যান্ডের এই খেলোয়াড়। সবশেষ পাঁচ ম্যাচের চারটিতে জাল অক্ষত রেখেছেন তিনি; যেখানে রয়েছে চ্যাম্পিয়ন্স লিগে রেয়াল মাদ্রিদ ও প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে লড়াই।
লিগ ম্যাচে বুধবার নিউক্যাসল ইউনাইটেডের মুখোমুখি হবে লিভারপুল। আগের দিন সংবাদ সম্মেলনে স্লট বলেন, আলিসন ৫০ শতাংশ ফিট হলেই তাকে নামিয়ে দিতে হবে, এমন পরিস্থিতি নেই; কারণ কুইভিন খুব ভালো খেলছে।
“আমার মনে হয়, কয়েক সপ্তাহ আগেও আমাদের গোলরক্ষকদের নিয়ে নিজের কাছে পরিষ্কার ছিলাম। তবে আমরা আলিসনের পুরোপুরি ফিট হওয়ার অপেক্ষা করছি…এখনই আলিসনকে ফেরানো তার জন্য তো বটেই, দলের জন্যও ভালো হবে না। সে সুস্থ হওয়ার পথে আছে, আরও কয়েকটা দিন সময় লাগতে পারে, তবে সে সেরে ওঠার খুব কাছে।”
“যেমনটা আমি সবসময় বলি, পুনর্বাসনের শেষ ধাপটিতে সর্বদা মনে হয় ‘সে কি সত্যিই ফিট হয়েছে নাকি তার আরও কিছু দিন প্রয়োজন?’ তবে সবকিছু এখনকার মতো থাকলে ডিসেম্বর শেষ হওয়ার আগেই সে পোস্টে দাঁড়াবে।”
সবশেষ ম্যাচে লিগ চ্যাম্পিয়ন সিটিকে ২-০ গোলে হারিয়ে টেবিলে শীর্ষস্থান আরও মজবুত করেছে লিভারপুল। ১৩ রাউন্ড শেষে ৩৪ পয়েন্ট তাদের। দুইয়ে ২৫ পয়েন্ট নিয়ে আর্সেনাল।
