বার্সেলোনায় ফেরার প্রশ্নে গুয়ার্দিওলা যা বললেন
বর্তমানের দায়িত্ব শেষে লম্বা বিরতি নেওয়ার ইচ্ছা এই স্প্যানিশ কোচের।
খেলোয়াড় কিংবা কোচ- ক্যারিয়ারের প্রতিটি ক্ষেত্রেই দারুণ সফল ও সেরা সময় বার্সেলোনায় কাটিয়েছেন পেপ গুয়ার্দিওলা। তাহলে ভবিষ্যতে কি ‘প্রিয় ঠিকানায়’ আবার দেখা যাবে তাকে? সেই সম্ভাবনা অবশ্য একেবারেই উড়িয়ে দিলেন তিনি।
স্পেনের সাবেক এই মিডফিল্ডার ও বর্তমানের সেরা কোচদের একজন গুয়ার্দিওলা পেশাদার ফুটবলকে বিদায় জানিয়ে ২০০৮ সালে বার্সেলোনার মূল দলের দায়িত্ব নেন।
তার কোচিংয়ে পরের চার বছরে অপ্রতিরোধ্য দল হয়ে ওঠে কাতালান ক্লাবটি। একবার ট্রেবলসহ অনেক শিরোপা জয় করেন তিনি।
এরপর ২০১৩ সালে বায়ার্ন মিউনিখের দায়িত্ব নেন গুয়ার্দিওলা। সেখানে তিন মৌসুম কাটিয়ে ২০১৬ সালে যোগ দেন ম্যানচেস্টার সিটিতে। ইংলিশ ক্লাবটিতেও দারুণ সফল তিনি, যদিও গত মৌসুমটা ভালো কাটেনি একদমই।
গত এক দশকে বেশ কয়েকবারই বার্সেলোনায় ফেরার সম্ভাবনা নিয়ে প্রশ্নের সম্মুখীন হয়েছেন ৫৪ বছর বয়সী এই কোচ। সম্প্রতি জিকিউ ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারেও এই বিষয়ে কথা বলতে হলো তাকে। জানিয়ে দিলেন, কখনোই কাম্প নউয়ে ফেরার ইচ্ছা নেই তার।
“(বার্সেলোনা পর্ব) শেষ হয়ে গেছে। সারাজীবনের জন্য। (সেখানে) সময়টা খুব সুন্দর কেটেছিল, তবে সেটা এখন শেষ। ক্লাব প্রেসিডেন্ট হিসেবে ফিরবেন? না, এই পদের জন্য আমি যথেষ্ট উপযুক্ত নই।”
ম্যানচেস্টার সিটি পর্ব শেষের পর কী করবেন, এ বিষয়েও নিজের ভাবনা একদম পরিষ্কার গুয়ার্দিওলার। লম্বা সময়ের জন্য বিরতির আভাস দিলেন তিনি।
“সেটা এক বছর, দুই বছর, তিন বছর, পাঁচ, ১০, ১৫…”
শিরোপা সংখ্যায় অবশ্য বার্সেলোনার চেয়ে ম্যানচেস্টার সিটিতে বেশি সফল গুয়ার্দিওলা। স্প্যানিশ ক্লাবটিতে দুটি চ্যাম্পিয়ন্স লিগ ও তিনটি লা লিগাসহ মোট ১৪টি ট্রফি জিতেছিলেন তিনি। আর সিটিতে একটি চ্যাম্পিয়ন্স লিগ ও ছয়টি প্রিমিয়ার লিগসহ মোট ১৮টি শিরোপা জিতেছেন গুয়ার্দিওলা।
