রেয়াল মাদ্রিদ গ্রেট সান্তামারিয়ার প্রয়ান
আন্তর্জাতিক ফুটবলে উরুগুয়ে ও স্পেনের প্রতিনিধিত্ব করা এই ডিফেন্ডার পরে সর্বোচ্চ পর্যায়ে কোচিংও করিয়েছেন।
রেয়াল মাদ্রিদের হয়ে চারটি ইউরোপিয়ান কাপ জয়ী হোসে এমিলিও সান্তামারিয়া আর নেই। এই গ্রেট ডিফেন্ডারের বয়স হয়েছিল ৯৬ বছর।
স্প্যানিশ ক্লাবটি বুধবার সান্তামারিয়ার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে।
১৯৫৭ সালে উরুগুয়ের এই সেন্টার-ব্যাক রেয়াল মাদ্রিদে যোগ দেন এবং ক্লাবটিতে পরের ৯ বছরে চারটি ইউরোপিয়ান কাপ ছাড়াও, একটি ইন্টারকন্টিনেন্টাল কাপ, ছয়টি লা লিগা শিরোপা এবং একটি স্প্যানিশ কাপ জয় করেন। মাদ্রিদের দলটির হয়ে মোট ৩৩৭টি ম্যাচ খেলেন তিনি।
সান্তামারিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন রেয়ালের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেস।
“সান্তামারিয়া সারাজীবন আমাদের ক্লাবের প্রতীক হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন। তিনি এমন এক দলের অংশ ছিলেন, যে দলটা সকল মাদ্রিদিস্তাস (রেয়াল মাদ্রিদ সমর্থক গোষ্ঠী) ও সারা বিশ্বের ফুটবলপ্রেমীদের হৃদয়ে থাকবে।”
উরুগুয়ে জাতীয় দলের হয়ে ২৫টি ম্যাচ খেলেন সান্তামারিয়া। পরে আন্তর্জাতিক ফুটবলে স্পেনেরও প্রতিনিধিত্ব করেন তিনি, দেশটির হয়ে খেলেন ১৬টি ম্যাচ।
সুইজারল্যান্ডে ১৯৫৪ বিশ্বকাপে উরুগুয়ের জার্সিতে মাঠে নামেন সান্তামারিয়া। চার বছর পর, চিলি বিশ্বকাপে তিনি খেলেন স্পেনের হয়ে।
খেলোয়াড়ী জীবন শেষে, ১৯৬৮ মেক্সিকো সিটি অলিম্পিকসে স্পেন দলের ডাগআউটে ছিলেন সান্তামারিয়া। পরে ১৯৮০ সালের মস্কো অলিম্পিকসেও একই দায়িত্বে ছিলেন তিনি।
মাঝে সাত মৌসুম এস্পানিওলকে কোচিং করান এই সেন্টার-ব্যাক। কোচিং ক্যারিয়ারে সবশেষ ১৯৮২ সালে দেশের মাঠের বিশ্বকাপে স্পেনের দায়িত্বে ছিলেন সান্তামারিয়া।
