Published : 13 Aug 2025, 10:56 AM
কয়েকদিনের গুঞ্জন আর নানা আলোচনার পর অবশেষে আনুষ্ঠানিক ঘোষণাও চলে এলো। পিএসজি ছাড়ার কথা নিশ্চিত করলেন জানলুইজি দোন্নারুম্মা। গত মৌসুমের অসাধারণ পারফরম্যান্সের পর এখনই ক্লাব ছাড়ার কোনো ইচ্ছে তার ছিল না। ইতালিয়ান গোলকিপার জানিয়েই দিলেন, ক্লাব ছাড়তে বাধ্য করা হচ্ছে তাকে।
কোচ লুইস এনরিকের সঙ্গে দোন্নারুম্মার সম্পর্কের টানাপোড়েন নিয়ে সংবাদমাধ্যমে কদিন ধরেই নানা খবর উঠে আসছিল। সেটিই নিশ্চিত হয় সুপার কাপের স্কোয়াড ঘোষণার পর। গত মৌসুমে ক্লাবের ট্রেবল জয়ের পথে অসাধারণ পারফর্ম করেছেন যিনি, যাকে মনে করা হয় এই মুহূর্তে বিশ্বের সেরা গোলকিপারদের একজন, সেই দোন্নারুম্মাকে স্কোয়াডেই রাখেননি কোচ।
এছাড়াও লিল থেকে গোলকিপার লুকাহ শুভালিয়েকে দলে নিয়েছে পিএসজি। এতেও পরিস্কার বার্তা ছিল দোন্নারুম্মার প্রতি।
সব উপলব্ধি করেই মঙ্গলবার সামাজিক মাধ্যমে নিজের ভাবনা জানিয়ে দেন ২৬ বছর বয়সী গোলকিপার।
“দুর্ভাগ্যজনকভাবে, কেউ একজন নির্ধারণ করে ফেলেছ যে, আমি আর এই দলের অংশ হতে পারি না ও দলের সাফল্যে অবদান রাখতে পারি না। আমি খুবই হতাশ ও মর্মাহত।”
পিএসজির মাঠে শেষবারের মতো একটি ম্যাচে মাঠে নেমে বিদায় জানানোর ইচ্ছা দোন্নারুম্মার। সেই সুযোগটি যদি তাকে না দেওয়া হয়, তাহলে আগাম বিদায়ও জানিয়ে রাখলেন তিনি।
“আশা করি, ঘরের মাঠে আর একটি বার খেলে সমর্থকদের দিকে তাকাতে পারব এবং বিদায় জানাতে পারব। এটিই হওয়া উচিত। তবে যদি তা না হয়, আমি সমর্থকদের জানাতে চাই যে, আপনাদের সমর্থন ও অনুরাগ আমার কাছে সবকিছু এবং কখনোই এসব ভুলব না আমি।”
“এই ক্লাবে খেলা এবং এই শহরে থাকতে পারা ছিল দারুণ সম্মানের। ধন্যবাদ প্যারিস।”
এসি মিলানের একাডেমি থেকে উঠে এসে ইতালিয়ান ক্লাবটির হয়েই ২০১৫ সালে পেশাদার ফুটবলে পা রাখেন দোন্নারুম্মা। ছয় বছর শৈশবের ক্লাবে খেলে ২০২১ সালে পাড়ি জমান তিনি পিএসজিতে। এসি মিলান ক্লাব কর্তৃপক্ষ ও সমর্থকেরা সেসময় তার ওপর হতাশ হয়েছিলেন অনেক। কিন্তু তিনি চেয়েছিলেন নতুন চ্যালেঞ্জ।
এখন চুক্তির এক বছর থাকতেই তাকে পিএসজি ছাড়তে হচ্ছে হতাশ হয়ে।
তার নতুন ঠিকানা নিয়ে নিশ্চিত কিছু জানা যায়নি। তবে ইংলিশ প্রিমিয়ার লিগের বেশ কিছু ক্লাবের আগ্রহ আছে বলে জানিয়েছে নানা সংবাদমাধ্যম।