‘অবিশ্বাস্য প্রতিভা ও অসাধারণ কোচ’ থাকায় ব্রাজিলকে নিয়ে আশাবাদী রোনালদো
ক্রোয়েশিয়া ম্যাচের আগে ব্রাজিলের শেষ অনুশীলন সেশনে সতীর্থ রিভালদোর সঙ্গে উপস্থিত ছিলেন ‘দ্য ফেনোমেনন।’
ব্রাজিল দল নিয়ে আত্মবিশ্বাসী দেশটির ইতিহাসের সেরা খেলোয়াড়দের একজন রোনালদো। বর্তমান জাতীয় দলে অবিশ্বাস্য সব খেলোয়াড় দেখছেন ‘দ্য ফেনোমেনন।’ সঙ্গে অসাধারণ কোচ কার্লো আনচেলত্তির উপস্থিতিতে দুটি বিশ্বকাপ জয়ী সাবেক স্ট্রাইকার দারুণ কিছুর স্বপ্ন দেখছেন।
ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের আগে ব্রাজিলের শেষ অনুশীলন সেশনে সতীর্থ রিভালদোর সঙ্গে উপস্থিত ছিলেন রোনালদো। কাছ থেকে উত্তরসূরিদের দেখে আস্থা আরও বেড়ছে তার।
“পুরো জাতীয় দলকে আবার দেখতে পেরে ভালো লেগেছে। আমি বলব না যে, এই ম্যাচ নির্ণায়ক। আমি মনে করি, প্রস্তুতিপর্ব চলছে। দলের অবিশ্বাস্য সব প্রতিভা এবং অসাধারণ ভালো কোচ আছে। আমি নিশ্চিত তিনি, বিশ্বকাপের জন্য প্রয়োজনীয় ছোট ছোট সমস্যাগুলো সারিয়ে তুলবেন।”
এসি মিলানে কোচ হিসেবে আনচেলত্তিকে পেয়েছিলেন রোনালদো। ক্লাব ফুটবলে দারুণ সফল কোচের সামর্থ্য নিয়ে কোনো সংশয় নেই তার মনে।
বাংলাদেশ সময় বুধবার ভোরে ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। ফ্রান্সের বিপক্ষে আগের ম্যাচে হেরে যাওয়া দল উন্মুখ থাকবে জয়ে ফিরতে। ভিনিসিউস জুনিয়র, দানিলোদের সঙ্গে সময় কাটিয়ে দলের আবহ ভালো লেগেছে রোনালদোর।
“বিশ্বকাপ পূর্ব স্নায়ু চাপের সময়ে দলের আবহ ও সবার মধ্যে সম্প্রীতি দেখাটা দারুণ ব্যাপার। এখানে এসে অপূর্ব অভিজ্ঞতা হয়েছে। একই সঙ্গে ইতিবাচক থাকার বার্তা ওদের দিয়েছি। আমি মনে করি, ব্রাজিল জাতীয় দল সবসময়ই ফেভারিট থাকবে। আমাদের দলে সবসময়ই বিশ্বের সেরা খেলোয়াড়রা থাকে, তারা এটা জানে। গুরুত্বপূর্ণ হলো নিজ নিজ দায়িত্বে ঠিকঠাক কাজ করা। কারণ, আমাদের খেলোয়াড়দের ওপর ব্রাজিলিয়ানদের প্রত্যাশা অনেক।”
“খেলোয়াড়দের সঙ্গে থাকা এবং তাদের নিবেদন দেখতে পারা চমৎকার একটি ব্যাপার। অভিজ্ঞতা ভাগাভাগি করতে পারাটা দারুণ ব্যাপার। অবশ্যই জাতীয় দলে উন্নতি করার জায়গা আছে এবং নিঃসন্দেহে তারা উন্নতি করবে। আমাদের সেই চেষ্টা করতে হবে, কারণ এটা ব্রাজিল। আর ট্রফি ব্রাজিলে ফিরিয়ে আনার সর্বোচ্চ চেষ্টা আমাদের করতে হবে।”
এবারের দুটি প্রীতি ম্যাচের অনুশীলনে এসেছিলেন ব্রাজিলের বিশ্বকাপ জয়ী চারজন সাবেক খেলোয়াড়। রিভালদো ও রোনালদোর আগে এসেছিলেন বেবেতো ও এদমিলসন।
ব্রাজিলের হয়ে ১০৫ ম্যাচ খেলে ৬৭ গোল করেন রোনালদো। ১৯৯৪ ও ২০০২ বিশ্বকাপ শিরোপা জেতার পাশাপাশি ১৯৯৭ ও ১৯৯৯ সালে জেতেন কোপা আমেরিকা। ১৯৯৮ ও ২০০৬ বিশ্বকাপ দলেও ছিলেন তিনি। বিশ্বকাপে চার আসরে তিনি করেন ১৫ গোল, অবসর নেওয়ার সময় তিনি ছিলেন এই প্রতিযোগিতার ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা।
