ক্লাসিকোতেই শিরোপার ফয়সালা? যা বললেন বার্সা কোচ
লা লিগায় রেয়াল মাদ্রিদের চেয়ে তিন পয়েন্ট এগিয়ে বার্সেলোনা, আগামী মে মাসে মুখোমুখি হবে দুই দল।
আগের দিন ম্যাচ জিতে পয়েন্ট সমান করে ফেলেছিল রেয়াল মাদ্রিদ, পরদিন জিতে আবার ব্যবধান তিন পয়েন্টে গিয়ে গেছে বার্সেলোনা। এভাবেই পিঠেপিঠি থেকে চলছে লা লিগার শিরোপা লড়াই। এখনকার যা বাস্তবতা, তাতে মনে হচ্ছে, দুই দলের মুখোমুখি লড়াইয়েই হয়তো চূড়ান্ত হবে লিগ শিরোপার ভাগ্য। বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক অবশ্য এখনই অতদূর তাকাতে চান না।
লা লিগায় গত বৃহস্পতিবার ওসাসুনাকে ৩-০ গোলে হারানোর পর রোববার জিরোনাকে ৪-১ গোলে হারিয়েছে বার্সেলোনা। ২৯ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আবার সংহত করেছে ফ্লিকের দল।
কাতালানদের এই দুই ম্যাচের মাঝে লেগানেসকে ৩-২ গোলে হারিয়েছে রেয়াল মাদ্রিদ। গত আসরের চ্যাম্পিয়নদের পয়েন্ট এখন ২৯ ম্যাচে ৬৩।
তিনে থাকা আতলেতিকো মাদ্রিদের পয়েন্ট ৫৭। শিরোপা লড়াই তাই মূলত দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলেরই।
লিগে ম্যাচ বাকি আছে আর ৯টি। তবে মূল আকষর্ণ থাকবে নিশ্চিতভাবেই একটি ম্যাচকে ঘিরে। বার্সেলোনার মাঠে আগামী ১১ মে খেলবে রেয়াল মাদ্রিদ।
দুই দলের ফর্ম আর পারফরম্যান্সে তাকিয়ে এটা ধরে নেওয়া খুবই স্বাভাবিক যে, ওই ম্যাচই বড় ভূমিকা রাখবে লিগ চ্যাম্পিয়ন নির্ধারণে। রেয়ালের কোচ কার্লো আনচেলত্তিও কয়েক দিন আগে বলেছেন, পয়েন্টে তারা পিছিয়ে থাকলেও তাকিয়ে আছেন ক্লাসিকের দিকে।
তবে জিরোনাকে উড়িয়ে দেওয়ার পর বার্সেলোনা কোচ বললেন, এখনই ক্লাসিকো নিয়ে ভাবছেন না তারা।
“এল ক্লাসিকোর আগে এখনও অনেক পথ বাকি আছে। আমাদের শক্তিমত্তা দেখিয়ে যেতেই হবে এবং সেটি সহজ হবে না।”
“এই লিগ মৌসুম দারুণ কিছু চমক মেলে ধরতে পারে, প্রতিযোগিতাটির জন্য তা খারাপ নয়। তবে আমাদেরকে মনোযোগ ধরে রাখতে হবে।”
লিগ শিরোপার পাশাপাশি কোপা দেল রের শিরোপার লড়াইয়েও টিকে আছে দুই দল। সেমি-ফাইনালের প্রথম লেগে আতলেতিকোর সঙ্গে ৪-৪ গোলে ড্র করা বার্সেলোনা দ্বিতীয় লেগে লড়বে এই বুধবার। আগের দিন রেয়াল সোসিয়েদাদের সঙ্গে খেলবে প্রথম লেগে ১-০ গোলে জয়ী রেয়াল মাদ্রিদ।
