২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লাইপজিগ থেকে টটেনহ‍্যামে সিমন্স

দীর্ঘ মেয়াদী চুক্তিতে নতুন ঠিকানা বেছে নিলেন ডাচ প্লেমেকার।

লাইপজিগ থেকে টটেনহ‍্যামে সিমন্স
ডাচ প্লেমেকার চাভি সিমন্স। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2025, 11:25 PM

Updated : 26 Aug 2026, 02:12 PM

নতুন চ‍্যালেঞ্জ খুঁজে নিলেন চাভি সিমন্স। আরবি লাইপজিগ থেকে দীর্ঘ মেয়াদী চুক্তিতে টটেনহ‍্যাম হটস্পারে যোগ দিলেন ডাচ প্লেমেকার।

২২ বছর বয়সী সিমন্সের ট্রান্সফার ফির অঙ্ক প্রকাশ করেনি কোনো পক্ষই। তবে ব্রিটিশ গণমাধ‍্যমের খবর অনুযায়ী, নেদারল‍্যান্ডসের হয়ে ২২ ম‍্যাচ খেলা এই তরুণের জন‍্য টটেনহ‍্যামের খরচ হয়েছে ৬ কোটি ইউরো।  

এসিএল চোটে জেমস ম‍্যাডিসন লম্বা সময়ের জন‍্য ছিটকে যাওয়ায় একজন প্লেমেকারের সন্ধানে ছিল টটেনহ‍্যাম। 

১৮ মাস ধারে খেলার পর গত জানুয়ারিতে ৫ কোটি ইউরোর বিনিময়ে পাকাপাকিভাবে লাইপজিগে যোগ দেন সিমন্স। সেখানে তার চুক্তির মেয়াদ ছিল ২০২৭ পর্যন্ত। জার্মানির ক্লাবটির হয়ে ৭৮ ম‍্যাচে ২২ গোল করার পাশাপাশি তিনি অবদান রেখেছেন ২৪ গোলে।

কেবল আক্রমণে সামর্থ‍্য নয়, রক্ষণে ভূমিকা রাখার জন‍্যও পরিচিত সিমন্স। আগ্রাসী আক্রমণ ও প্রতিপক্ষের রক্ষণে বল পুনরুদ্ধারের সামর্থ‍্যে তিনি ইউরোপের সেরা ফুটবলারদের একজন হিসেবে বিবেচিত।   

গত মৌসুমে ১০ গোল করেন সিমন্স, অবদান রাখেন ৭ গোলে। তবে কোনো ইউরোপীয় প্রতিযোগিতায় জায়গা করে নিতে পারেনি লাইপজিগ, বুন্ডেসলিগায় হয় সপ্তম। সিমন্সের নতুন ঠিকানা বেছে নেওয়ায় যা রেখেছে বড় ভূমিকা। 

প্রিমিয়ার লিগে গত মৌসুম একদমই ভালো কাটেনি টটেনহ‍্যামের। তবে ইউরোপা লিগ জিতে চ‍্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেয় দলটি। শনিবার প্রিমিয়ার লিগে বোর্নমাউথের মুখোমুখি হবে তারা।