Published : 23 Feb 2026, 08:31 PM
ব্যক্তিগত কারণে কুরাসাওয়ের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন ডিক আটফোকাট- এই খবর প্রকাশ করে নেদারল্যান্ডসের গণমাধ্যম বলছে, দেড় লাখ মানুষের ছোট্ট দেশটিকে বিশ্বকাপে নেওয়া অভিজ্ঞ কোচ থাকছেন না চূড়ান্ত পর্বে।
প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, নেদারল্যান্ডস, বেলজিয়াম, দক্ষিণ কোরিয়া, পিএসভি আইন্দহোভেন, সান্ডারল্যান্ড ও রেঞ্জার্স কোচ তার মেয়েদের স্বাস্থ্যজনিত সমস্যায় পদত্যাগ করেছেন। আটফোকাট বলেছেন, পরিবারকে বেছে নিয়েছেন তিনি।
“আমি সবসময়ই বলেছি, ফুটবলের ওপরে পরিবার। তাই এই সিদ্ধান্ত নিতেই হতো। তবে তাতে এই সত্য পাল্টাবে না যে, আমি কুরাসাওকে, সেখানকার মানুষ ও আমার সহকর্মীদের খুব মিস করব।”
দুই বছর কুরাসাওয়ের কোচ হিসেবে কাজ করেছেন ৭৮ বছর বয়সী আটফোকাট। তার জায়গায় আসছেন আরেক ডাচ কোচ ফ্রেড রাটান। নেদারল্যান্ডসের সাবেক এই ডিফেন্ডার ছিলেন পিএসভি ও ফেইনুর্ডের কোচ।
আগামী আসরে থাকলে তিনি হতেন বিশ্বকাপের ইতিহাসের সবচেয়ে বেশি বয়সী কোচ।
আগামী ১৪ জুন জার্মানির বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে কুরাসাও।