১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

টানা তিন ম্যাচে জয়হীন, খুশি নন রেয়াল মাদ্রিদ কোচ

তবে মৌসুমে অনেক ম‍্যাচ বাকি থাকায় খুব হতাশ নন তিনি।

টানা তিন ম্যাচে জয়হীন, খুশি নন রেয়াল মাদ্রিদ কোচ
শাবি আলোন্সো। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2025, 04:39 PM

Updated : 26 Aug 2026, 05:11 PM

সবসময় জিততে চাওয়া রেয়াল মাদ্রিদ জয়শূন‍্য নিজেদের সবশেষ তিন ম‍্যাচে। স্বাভাবিকভাবেই খুশি নন ইউরোপের সফলতম দলটির কোচ শাবি আলোন্সো। তবে মৌসুমে অনেক ম‍্যাচ বাকি থাকায় খুব হতাশও নন তিনি। স্পেনের সাবেক এই বিশ্বকাপজয়ী মিডফিল্ডার মনে করেন, ফল ও খেলায় উন্নতির অনেক সুযোগ সামনে আছে। 

লা লিগায় ভালেন্সিয়ার জালে গোল উৎসব করার পর যেন ছন্দ হারিয়ে ধুঁকছে রেয়াল। লিভারপুলের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে হারের পর লা লিগায় টানা দুই ম্যাচে ড্র করেছে তারা।

সবশেষ গত রোববার এলচের মাঠে ২-২ গোলে ড্র করেছে রেয়াল। আন্তর্জাতিক বিরতিতে যাওয়ার আগে সবশেষ ম্যাচে ৯ নভেম্বর লা লিগায় রায়ো ভাইয়েকানোর বিপক্ষে গোলশূন্য ড্র করেছিল তারা। দলের সবশেষ তিন ম‍্যাচের ফলে হতাশ হলেও উন্নতির ব‍্যাপারে আশাবাদী আলোন্সো।

“জয়হীন তিন ম্যাচ? এটাই ফুটবল। আমরা খুশি নই, কারণ আমরা সবসময় জিততে চাই। তবে এখনও অনেক ম্যাচ বাকি।” 

“দল ভেঙে পড়েনি, প্রতিদ্বন্দ্বিতা করছে। ফল এবং খেলায় উন্নতি হতে পারে, কারণ আমরা আত্ম-সমালোচনা করি। প্রতিকূল এই সময়ে আমাদের সাড়া দিতে হবে।”

এলচের বিপক্ষে বদলি নামেন ভিনিসিউস জুনিয়র। তিনি মাঠে আসার পর রেয়ালের আক্রমণে ধার বাড়ে। ব্রাজিলিয়ান তারকাকে শুরুর একাদশে না রাখার কারণ ব্যাখ্যা করলেন আলোন্সো।

“আমরা বিষয়টা নিয়ে কথা বলেছি, (ভিনিসিউস) এটা বুঝেছে। সে জানে তার ভূমিকা কী এবং সে মাঠে নেমে কী প্রভাব রাখতে পারে। আমরা আগেও এমন করেছি, গেতাফের বিপক্ষেও। আমরা যতটা খুশি হতে পারতাম, ততটা নই। তবে আমরা আবারও ভালো ফল আর ভালো ছন্দে ফিরতে চাই।”

এই ড্রয়ের পরও ৩২ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষে আছে রেয়াল। ৩১ পয়েন্ট নিয়ে তাদের পেছনেই আছে শিরোপাধারী বার্সেলোনা।